অ্যাসিড ছুড়ে নারীদের গৃহবন্দী করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের নারীরা একের পর এক অ্যাসিড হামলার শিকার হচ্ছেন। ধর্মীয় উগ্রবাদের উত্থানে এসব হামলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে অনেক নারী ঘরে থাকতে বাধ্য হচ্ছেন।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানে ব্যক্তিগত বা পারিবারিক বিবাদের জের ধরে নারীর বিরুদ্ধে অ্যাসিড হামলার দীর্ঘ ইতিহাস রয়েছে। সম্প্রতি বেলুচিস্তান প্রদেশে সংঘটিত অ্যাসিড সন্ত্রাসের প্রকৃতি অবশ্য ভিন্ন।

অতীতে অ্যাসিড হামলার ক্ষেত্রে দেখা যেত, অধিকাংশ হামলাকারী পূর্বপরিচিত। কিন্তু বেলুচিস্তানের সাম্প্রতিক ঘটনাগুলোর ক্ষেত্রে দেখা গেছে, অ্যাসিড সন্ত্রাসের শিকার হওয়া নারীদের সঙ্গে হামলাকারীদের কোনো পূর্বপরিচয় নেই। এ কারণে অধিকারকর্মীরা ধারণা করছেন, প্রদেশটিতে ইসলামি উগ্রবাদের উত্থানের অংশ হিসেবে এসব হামলা হচ্ছে।

গত মঙ্গলবার বাজার থেকে ফেরার সময় দুই কিশোরী অ্যাসিড হামলার শিকার হয়। একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী সিরিঞ্জ ব্যবহার করে ওই দুই কিশোরীর ওপর অ্যাসিড ছুুড়ে মারে।

এর আগের দিন ১৮ থেকে ৫০ বছর বয়সী চার নারী প্রাদেশিক রাজধানী কোয়েটার একটি বাজার এলাকায় একই ধরনের হামলার শিকার হন। এই হামলাগুলোর ধরন ভিন্ন। এর সঙ্গে ব্যক্তিগত বা পারিবারিক বিরোধের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি।

বেলুচিস্তান একদিকে যেমন জনবহুল, তেমনি সম্পদেও সমৃদ্ধ। প্রদেশটির স্বায়ত্তশাসনের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বাম ঘরানার ধর্মনিরপেক্ষ দল—বেলুচিস্তান ন্যাশনাল পার্টি। সেখানে নারীদেরও ব্যাপক অংশগ্রহণ রয়েছে।

দলটির ভাইস প্রেসিডেন্ট জাহানজায়িব জামালদিনির দাবি, শিক্ষা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ প্রতিরোধ করতেই এই অমানবিক কাজগুলো করা হচ্ছে।

প্রদেশটিতে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির এই অপচেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় মদদপুষ্ট ইসলামি উগ্রপন্থী গোষ্ঠী জড়িত বলে অভিযোগ করেছে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি।