আইএসআইয়ের মদদে আল-কায়েদার হুমকি!

জঙ্গিবাদে মদদ দেয় এমন—রাষ্ট্রের তালিকা করা হলে পাকিস্তান তালিকার শুরুর দিকে থাকবে বলে মনে করেন সাবেক মার্কিন কর্মকর্তা ও গোয়েন্দা বিশ্লেষক ব্রুস রিডেল।
রিডেলসহ কিছু বিশ্লেষক মনে করেন, আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি ভারতীয় উপমহাদেশে সংগঠনটির কার্যক্রম বিস্তারের যে ঘোষণা দিয়েছেন, পেছন থেকে এর কলকাঠি নাড়ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, সাবেক সিআইএ বিশ্লেষক ও দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা রিডেল মনে করেন, আইএসআইয়ের ছত্রচ্ছায়ায় আল-কায়েদার প্রধান জাওয়াহিরি পাকিস্তানের কোথাও আত্মগোপনে আছেন বলে ভারত যে সন্দেহ করে আসছিল, নতুন এই ঘোষণার মাধ্যমে তা আরও জোরালো হলো।
পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট থেকে শুরু করে জাওয়াহিরির ঘোষণা পর্যন্ত পুরো বিষয়টিকে নাটক বলে মনে করেন এই বিশ্লেষক। তিনি তাঁর কলামে লিখেছেন, নাটকের কেন্দ্রে রয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি, সঙ্গে আছে জাওয়াহিরির এই হুমকি। তাঁর মতে, পাকিস্তানের নির্বাচিত বেসামরিক নেতাদের অস্তিত্ব টালমাটাল করতে আইএসআই পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা (এলইটি) ও কাশ্মীর ইস্যুতে আবার খেলোয়াড়ের ভূমিকায় নেমেছে।
রিডেল মনে করেন, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক নেতাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ আইএসআইকে এই খেলায় আরও বেশি করে উসকে দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর অভিষেক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এ আমন্ত্রণ নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজের ভারত সফর বার্তা দিয়েছিল, দুই দেশের বিরোধপূর্ণ সম্পর্ক হয়তো এবার খানিকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রূপ নিতে পারে। কিন্তু তা শেষ পর্যন্ত আর দেখা যাচ্ছে না।
রিডেলের মতে, ১৯৯৯ সালে নওয়াজকে উত্খাত করে ক্ষমতায় বসেন তত্কালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ। কিন্তু নওয়াজ ক্ষমতায় এসে তাঁর বিচারের ব্যাপারে খুব কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এতে খুশি হতে পারেনি ভারত।
ভারত বরাবরই অভিযোগ করে আসছে, পাকিস্তানের সেনাবাহিনীর মদদে তাদের ভূখণ্ডে পাকিস্তানভিত্তিক বিভিন্ন জঙ্গি সংগঠন হামলার ঘটনা ঘটায়। সেনাদের অপরাধের বিচার না হওয়ার বিষয়টি এটাই আভাস দেয় যে রাজনৈতিক মহল বা আদালত তাদের ব্যাপারে একধরনের ছাড় দেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০০৮ সালে মুম্বাই হামলার জন্য লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করেছে। মোদির শপথের আগ মুহূর্তে আফগানিস্তানের হেরাতে ভারতীয় কূটনীতিকদের জিম্মি পরিকল্পনার জন্যও সংগঠনটিকে দায়ী করা হয়। এলইটি পাকিস্তানের আইএসআইয়ের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আইএসআইয়ের সমর্থন ছাড়া সংগঠনটি এমন তত্পরতা চালাবে না বলেই মনে করেন রাইডেল। এমন আর কোনো হামলার ঘটনা যদি ভারতের কোথাও ঘটে, তবে নয়াদিল্লি এ ব্যাপারে কোনো ছাড় দেবে না। সে ক্ষেত্রে ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও খারাপ হওয়ার ঝুঁকি থাকে। অথচ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য কঠিন হলেও বিপর্যয়টি এড়ানোর কৌশল বের করা উচিত বলে মন্তব্য করেন রিডেল।