আট জঙ্গিকেই গোপনে ছেড়ে দেওয়া হয়েছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইকে হত্যাচেষ্টার দায়ে সাজা পাওয়া ১০ জনের মধ্যে আটজনকেই গোপনে ছেড়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ এক পত্রিকার অনুসন্ধানে বিষয়টি বেরিয়ে এসেছে। খবর বিবিসি ও এএফপির।
পাকিস্তানি সরকারি কর্মকর্তারা গত এপ্রিলে জানান, মালালাকে হত্যাচেষ্টার অপরাধে দোষী সাব্যস্ত ১০ তালেবান জঙ্গিকে যাবজ্জবীন কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রচারমাধ্যমে সে খবর প্রকাশিতও হয়। তবে একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে, আদালতে মাত্র দুই জঙ্গিকে অভিযুক্ত করা হয়েছিল। গোপনীয়তার কারণে মালালার ওপর হামলাকারীদের বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়।
আদালতে রুদ্ধদ্বার বিচারের মাধ্যমে মাত্র দুজনকে দোষী সাব্যস্ত করার বিষয়টি পাকিস্তানের সোয়াত জেলার পুলিশপ্রধান সালিম খান মারওয়াতও বিবিসি ও এএফপি উভয় প্রতিষ্ঠানকে নিশ্চিত করেছেন। অভিযুক্ত ওই দুজন হলেন, ইসরারুল্লাহ ও ইজহার। তাদেরকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
যুক্তরাজ্যে পাকিস্তানি হাইকমিশনের মুখপাত্র মুনির আহমেদ বিবিসিকে গতকাল শুক্রবার বলেন, প্রমাণের অভাবে ওই আটজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আদালতের মূল রায়ে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। কিন্তু ভুল সংবাদ প্রচার করার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে।
সোয়াতের সরকারি আইনজীবী সাইদ নাইম ওই বিচারের পর বলেছিলেন, ‘প্রত্যেক জঙ্গির ২৫ বছর করে কারাদণ্ড হয়েছে। সন্ত্রাসবিরোধী আদালতে বিচারের পর ১০ জনকে এ সাজা দেওয়া হয়।’
যুক্তরাজ্যের ডেইলি মিরর পত্রিকার প্রতিবেদকেরা পাকিস্তানের কারাগারে কথিত ১০ সাজাপ্রাপ্ত অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করলে আটজনকে ছেড়ে দেওয়ার ঘটনাটি প্রকাশ পায়। পাকিস্তানি সামরিক বাহিনীর একটি সূত্র বিবিসিকে জানায়, মালালাকে হত্যাচেষ্টার মামলাটির বিচার আসলে সামরিক হেফাজতে অনুষ্ঠিত হয়। এর পুরো প্রক্রিয়াটি গোপনে সম্পন্ন হয়েছিল।
পাকিস্তানি কর্তৃপক্ষ মালালার ওপর হামলার মামলার বিচারের রায় প্রকাশ করেনি। ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে প্রকাশিত প্রতিবেদনগুলোও গত দুই মাসে সংশোধন করেনি।
পাকিস্তানের পশ্চাৎপদ সোয়াত অঞ্চলের বাসিন্দা মালালা। বিশেষ করে মেয়ে শিশুদের শিক্ষার জন্য প্রচারণা চালানোর কারণে সে অতি কট্টরপন্থী তালেবানের বিরাগভাজন হয়। ২০১২ সালের ৯ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক তালেবান জঙ্গি তার মাথায় গুলি করে। প্রথমে দেশে ও পরে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসায় মালালা সুস্থ হয়।
২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে মালালা। তার বয়স এখন ১৭ বছর। মালালাই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার জিতেছে।