পাকিস্তান আটটি চীনা ডুবোজাহাজ কিনছে। এগুলো কেনার জন্য দেশটি শিগগিরই চীনের সঙ্গে ৪০০ থেকে ৫০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ফাইনান্সিয়াল টাইমস পত্রিকা এক প্রতিবেদনে এ কথা জানায়। খবরে বলা হয়েছে, আটটি ডুবোজাহাজ বিক্রি করতে পারলে সম্ভবত এটিই হবে বিদেশে চীনের একসঙ্গে সবচেয়ে বড় অস্ত্র বিক্রি। ডুবোজাহাজ কেনার বিষয়ে একরকম নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে বলে পাকিস্তানের প্রতিরক্ষাবিষয়ক সংসদীয় কমিটির সূত্রে জানানো হয়েছে। গত বুধবার পাকিস্তানের শীর্ষ ইংরেজি দৈনিক ডন-এর খবরে বলা হয়, চীনের সঙ্গে পাকিস্তানের এ বিষয়ে আলোচনা শেষ পর্যায়ে আছে। তবে চীনের পররাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ডুবোজাহাজ বিক্রির বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তান ও চীন একে অপরকে ‘সব সময়ের বন্ধু’ বলে অভিহিত করে। প্রতিবেশী ভারতের সঙ্গে দীর্ঘ বৈরিতা তাদের কাছে এনেছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার রোধেও তারা এককাট্টা। পাকিস্তান ও চীনের মধ্যে নিবিড় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অতীতে চীন প্রচুর সামরিক সরঞ্জাম বিক্রি করেছে পাকিস্তানের কাছে।
রয়টার্স