আতঙ্কে পেশোয়ারের চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে কাজে বের হওয়ার আগে পাকিস্তানি চিকিৎসক মেহমুদ জাফরি (ছদ্মনাম) প্রথমেই গাড়িতে যে জিনিসটি রাখেন, তা হলো একটি এ কে ফোরটি সেভেন রাইফেল। এরপর বাড়িতে থাকা সশস্ত্র রক্ষীদের কিছু সংক্ষিপ্ত নির্দেশনা দিয়ে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হন। নিরস্ত্র অবস্থায় বা একা কখনো বাড়ি থেকে বের হন না। পাহারাদার হিসেবে তাঁর সঙ্গে অত্যন্ত আস্থাভাজন একজন স্বজন থাকেনই। এক দফা অপহরণ ও খুনের হাত থেকে প্রাণে বেঁচে যাওয়ার পর নিজেদের নিরাপত্তার বিষয়ে কখনো কোনো ছাড় দেন না তিনি।

সম্প্রতি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, জাফরির মতো পেশোয়ার শহরের কয়েক শ চিকিৎসক মুক্তিপণের দাবিতে তালেবান জঙ্গি বা সন্ত্রাসী দলের হাতে অপহরণ ও খুন হওয়ার আতঙ্কে এভাবেইদিন কাটাচ্ছেন। পেশোয়ার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চিকিৎসকদের সমিতির তথ্যমতে, গত তিন বছরে অন্তত ১২ জন চিকিৎসক খুন হয়েছেন। ৩০ জনের বেশি চিকিৎসক অপহৃত হয়েছেন। নিরাপদ জীবনের আশায় পেশোয়ার থেকে পালিয়ে গেছেন প্রায় তিন হাজারের মতো চিকিৎসক। এ পরিস্থিতির মধ্যেও যে চিকিৎসকেরা পেশোয়ারে রয়ে গেছেন, স্টেথোস্কোপের মতো বন্দুক তাঁদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

প্রাদেশিক চিকিৎসক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আমির তাজ খানের ভাষ্য, যে চিকিৎসকেরা অপহরণের শিকার হয়ে মুক্তি পান, তাঁরা মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েন এবং অপহরণকারীদের ভয়ে কারও সঙ্গে কথা বলতে চান না। তাঁরা বাড়িতেই পড়ে থাকেন। এমন কি চিকিৎসকদের বৈঠকেও যান না।

আমির তাজ খানের তথ্যমতে, যে ৩২ জন চিকিৎসক অপহৃত হয়েছিলেন, এঁদের মধ্যে মাত্র দুজন তাঁদের অভিজ্ঞতার কথা তাঁকে জানিয়েছেন। তিনি জানান, অপহরণের পর চিকিৎসকদের রশি দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর আল-কায়েদা ও তালেবান জঙ্গি গোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর ওয়াজিরিস্তানে তাঁদের নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মানুষের সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন রাখা হয়, অসুস্থ হলেও চিকিৎসার ব্যবস্থা করা হয় না। অপহৃত একজনকে ক্রমাগত এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হচ্ছিল। অবশেষে ৮০ হাজার মার্কিন ডলার (৬২ লাখ ২১ হাজার ২৭৬ বাংলাদেশি টাকা) পরিমাণ অর্থ মুক্তিপণ দিতে সম্মত হওয়ায় তাঁকে ছেড়ে দিতে রাজি হয়।

আমির তাজ খান জানান, অপহরণ ও খুন হওয়ার হাত থেকে রক্ষা পেতে পেশোয়ারের প্রায় শতভাগ চিকিৎসকই এখন আগেভাগেই তালেবান ও সন্ত্রাসীদের চাঁদা দিয়ে থাকেন। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ হানিফ আফ্রিদি খাইবারের আদিবাসী অধ্যুষিত এলাকায় মঙ্গল বাগ নামের এক দাঙ্গাবাজ লোককে প্রতি মাসে আড়াই হাজার মার্কিন ডলারের (‍প্রায় দুই লাখ বাংলাদেশি টাকা) সমপরিমাণ অর্থ চাঁদা দেন।

হানিফ আফ্রিদি বলেন, ‘২০১০ সাল থেকে থেকে আমি এই চাঁদা দিয়ে আসছি। আমি যা করছি, তা ঠিক নয়। কিন্তু এ ছাড়া আর কোনো সমাধানও নেই।’ তাঁর কথা, চাঁদা দেওয়া ছাড়াও তালেবান কমান্ডারদের চিকিৎসার জন্য মাঝেমধ্যে তাঁকে আদিবাসী অধ্যুষিত এলাকায় নিয়ে যাওয়া হয়।

এ অবস্থায় প্রতিমাসে ২০ জনের মতো চিকিৎসক মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বলে জানায় প্রাদেশিক চিকিৎসক সমিতি। গত তিন বছরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিন হাজারের বেশি চিকিৎসক অনত্র চলে গেছেন বলে জানায় এ সমিতি।