আদর্শের বরণমালা মালালা

বিশ্ববাসীর কাছে এক আদর্শের নাম মালালা ইউসুফজাই। অথচ পাকিস্তানি এই কিশোরী নিজ দেশে পরবাসী।
শিশু অধিকার নিয়ে কাজ করা ভারতের কৈলাস সত্যার্থীর সঙ্গে এ বছর যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা।
১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের মিঙ্গোরা শহরে জন্ম মালালার। ১৭ বছর বয়সী এই কিশোরী এখন যুক্তরাজ্যের বার্মিংহামে বাস করছে। সেখানকার এজবাস্টন হাইস্কুলে সে পড়াশোনা করছে। গতকাল শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার সময় নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করছিল মালালা। তার বয়সে এর আগে কেউ নোবেল পুরস্কার পায়নি।
পাকিস্তানের সোয়াত উপত্যকার কিশোরী মালালা প্রথম সবার নজর কাড়ে ২০০৯ সালে। ওই সময় তার লেখা ডায়েরি বিবিসির উর্দু বিভাগে প্রকাশিত হয়। চরম কট্টরপন্থী তালেবানের অধীনে উত্তর-পশ্চিম পাকিস্তানের নিপীড়িত নারীদের করুণ চিত্র ফুটে উঠে তার সেই লেখায়। তালেবানের চক্ষুশূলে পরিণত হয় সে।
তালেবানের চোখ রাঙানি উপেক্ষা করে নারীশিক্ষা নিয়ে কাজ করে যায় মালালা। ২০১২ সালের অক্টোবরে স্কুলবাসে উঠে তার মাথায় গুলি চালায় তালেবান জঙ্গিরা। ওই ঘটনার পর বিশ্বে ব্যাপক পরিচিতি পায় সে। নারীশিক্ষার প্রতি একাগ্রতা ও প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হয়ে ওঠে এই কিশোরী।
গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মালালাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। সুস্থ হয়ে এখন সেখানেই পড়াশোনা করছে সে। ইতিমধ্যে তার আত্মজীবনী প্রকাশিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে সে ভাষণ দিয়েছে। পেয়েছে বিশ্বের সম্মানজনক অনেক পুরস্কার।
মালালা নোবেল শান্তি পুরস্কার পাচ্ছে বলে গত বছরই গুঞ্জন ওঠে। তবে ওই বছর সে ইউরোপীয় ইউনিয়নের সম্মানজনক শাখারভ মানবাধিকার পুরস্কার পায়। একই বছর স্থান পায় বিখ্যাত টাইম সাময়িকীর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায়।
গত বছর জাতিসংঘে মালালা বলে, সন্ত্রাসীরা তার লক্ষ্য ও আকাঙ্ক্ষাকে বদলাতে পারেনি। বরং তার মধ্যে তেজ, শক্তিমত্তা ও সাহস জন্ম নিয়েছে।
উদার কণ্ঠে এই পাকিস্তানি কিশোরী বলে, ‘আমাকে যে তালেবান গুলি করেছে, তাকে আমি ঘৃণা করি না। এমনকি আমার হাতে যদি একটি বন্দুকও থাকে এবং সে আমার সামনে আসে, আমি তাকে গুলি করব না।’
মালালা শুধু নারীশিক্ষা আন্দোলনেরই পরিচিত মুখ নয়, নারীর মানবাধিকারের অন্যান্য দিক নিয়েও সে সোচ্চার। বিশ্বের কাছে সে আদর্শ। কিন্তু নিজের দেশ পাকিস্তানে তালেবানসহ অনেকের কাছেই মালালা অপাঙক্তেয়।
তালেবানের হুমকির কারণে প্রিয় মাতৃভূমিতে ফিরতে পারছে না মালালা। তার ওপর হামলার নির্দেশদাতাদের অন্যতম একজন মোল্লা ফজলুল্লাহ এখন পাকিস্তান তালেবানের প্রধান।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, বিশ্বে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করতে পশ্চিমারা মালালাকে সৃষ্টি করেছে বলে অনেক পাকিস্তানির ধারণা।
গত বছর শান্তিতে নোবেলের জন্য মনোনীত হওয়ার সময় পাকিস্তানের সামাজিক মাধ্যমগুলোতে মালালাকে নিয়ে অনেক অবমাননাকর লেখা পোস্ট হতে দেখা গেছে। এমনই একটি ফেসবুক পেজে লেখা ছিল, ‘সিআইএর এজেন্ট মালালা ইউসুফজাইকে আমরা ঘৃণা করি।’
তবে শান্তিতে নোবেল ঘোষণার পর মালালাকে ‘দেশের গর্ব’ বলে উল্লেখ করে তাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
মালালার প্রতি সম্মান জানিয়ে নরওয়েজীয় নোবেল কমিটির চেয়ারম্যান থর্বজর্ন জ্যাগল্যান্ড বলেছেন, এই অল্প বয়সেই মামলা দেখিয়েছে, শিশুদের নিজেদের অবস্থার উন্নয়নে তারা নিজেরাও অবদান রাখতে পারে। মালালা তা করছে চরম বৈরী পরিস্থিতির মধ্যে। নায়কোচিত এই লড়াইয়ের মাধ্যমে সে নারীশিক্ষা আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
আগামী ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রবক্তা বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে নরওয়ের রাজার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
কৈলাসের সঙ্গে যৌথভাবে নোবেল পাওয়ার পর গতকাল লন্ডনে মালালা বলেছে, ‘আমাদের পুরস্কার নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অনুরোধ জানাচ্ছি।’
এই কিশোরী আরও বলে, ‘পাকিস্তান ও ভারতের সীমান্তে উত্তেজনা চলছে। শান্তি, উন্নতি ও অগ্রগতির জন্য আমরা লড়াই করতে চাই।’