
দুর্নীতির দায় মাথায় নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হলেন নওয়াজ শরিফ। পানামা পেপারস কেলেঙ্কারির মামলায় গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির সর্বসম্মত রায়ে অযোগ্য বিবেচিত হওয়ার পরপরই তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাঁর এই পদত্যাগে ইতিহাসের পুনরাবৃত্তি হলো পাকিস্তানে।
২০১৬ সালের এপ্রিলে ফাঁস হওয়া পানামা পেপারসে নওয়াজ (৬৭) ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের তথ্য প্রকাশিত হয়। ওই অভিযোগের তদন্ত করতে সুপ্রিম কোর্টের নজিরবিহীন এক নির্দেশে যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়। জেআইটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা নিজেদের বিপুল পরিমাণ সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন। প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি আসিফ সাইদ খান খোসার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে রায় দেন। সুপ্রিম কোর্ট একই সঙ্গে নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছেন। আদালতের রায়ের কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি দিয়ে নওয়াজের পদত্যাগের কথা জানানো হয়।
যিনি রায় লিখেছেন সেই বিচারপতি ইজাজ আফজাল খান বলেছেন, ‘নওয়াজ শরিফ এখন পার্লামেন্টের সদস্যপদে অযোগ্য। প্রধানমন্ত্রী পদের জন্যও অযোগ্য তিনি।’ অ্যাটর্নি জেনারেল আসতার আউসাফ পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিয়ো নিউজকে বলেন, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। তিনি ভবিষ্যতে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
সুপ্রিম কোর্টের রায় চ্যালেঞ্জের সুযোগ খুবই সীমিত। সংবিধান বিশেষজ্ঞ ইয়াসির লতিফ হামদানি বলেন, সংবিধান অনুযায়ী সংবিধানের ব্যাখ্যা আর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার একমাত্র সুপ্রিম কোর্টের।
নওয়াজ পদত্যাগ করলেও তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ক্ষমতায় থাকছে। এখন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে দলটিকে। গতকাল রায়ের পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে নওয়াজ তাঁর ছোট ভাই শাহবাজ শরিফকে উত্তরসূরি হিসেবে বিবেচনার প্রস্তাব করেছেন। তবে এর আগে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে খাজা মোহাম্মদ আসিফ ও শহীদ খাকান আব্বাসির নাম বিবেচনায় আছে। আজ শনিবার পিএমএল-এনের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে আগাম নির্বাচন হবে কি না, কিংবা দেশটির রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী শক্তি সেনাবাহিনী ক্ষমতা দখল করবে কি না, এসব নিয়ে নানা জল্পনা রয়েছে।
৩৪২ আসনের পাকিস্তানের জাতীয় পরিষদে নওয়াজের পিএমএল-এন হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল। শরিকদেরসহ তাদের মোট আসনসংখ্যা ২০৯। ফলে বিরোধী দল প্রধানমন্ত্রী পদে প্রার্থী দিলেও জয়টা যে শেষ পর্যন্ত পিএমএল-এনের হবে, সেটা নিশ্চিত। কেউ কেউ আগাম নির্বাচন নিয়ে জল্পনা করলেও নতুন প্রধানমন্ত্রী ঠিক না হওয়া পর্যন্ত সেই সম্ভাবনা খুবই কম। কারণ, পাকিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট একমাত্র প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই সেটা করতে পারেন।
পাকিস্তানের রাজনৈতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে। এখন পর্যন্ত সামরিক অভ্যুত্থানের কারণে ক্ষমতা হারাতে হয়েছে পাকিস্তানের চারজন প্রধানমন্ত্রীকে। আরেকজনকে সামরিক আদালতের রায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়। এই পরিস্থিতিতে এবার সেনাবাহিনী ক্ষমতা নিতে আগ্রহী কি না, এটা পরিষ্কার নয়। তবে দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে প্রতিরক্ষার পাশাপাশি পররাষ্ট্রনীতির মূল নিয়ন্ত্রক সেনাবাহিনী। তাই নেপথ্যে থেকে যেখানে বড় ভূমিকা সেনাবাহিনীর আছে, সেখানে এখন সরাসরি ক্ষমতা নেওয়ার প্রয়োজন নেই।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন সুপ্রিম কোর্টের রায় নিয়ে ‘পানামা জাজমেন্ট’ শিরোনামে বিশেষ সম্পাদকীয় প্রচার করেছে। এতে রায় ঘোষণার দিনকে পাকিস্তানের বিচার বিভাগ ও রাজনীতির ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করেছে। এই ঘটনাপ্রবাহের পর পাকিস্তানের রাজনৈতিক গোষ্ঠী অবশ্যই নিজেদের সম্পর্কে ভাববে। গণতন্ত্রের স্বার্থে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা অপরিহার্য হলেও পিএমএল-এন ও পিটিআই তাদের বৈরিতায় দেশকে পিছিয়ে দিয়েছে। গণতন্ত্র শুধু নওয়াজের বিদায়ে হুমকিতে পড়বে না, তেমনি তা ইমরান খানের বিজয়ে শক্তিশালী হবে না।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে প্রতিবেশী ভারত এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। আফগানিস্তান ও পাকিস্তানের উপজাতীয় এলাকায় উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে ইসলামাবাদের রাজনৈতিক অস্থিরতায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া কী হয়, সেদিকে সবারই নজর রয়েছে। তবে ওয়াশিংটন, লন্ডন বা মস্কো থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। বাংলাদেশও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক ভাষ্যকার ও গণমাধ্যম বিশ্লেষকেরা এ নিয়ে মতামত দিয়েছেন।
ভারতীয় সাংবাদিক ও ভাষ্যকার শেখর গুপ্ত তাঁর টুইটে লিখেছেন, অনন্য গণতন্ত্র পাকিস্তানে। যেখানে প্রত্যেক নির্বাচিত নেতাকে দুর্নীতিবাজ বলে ধারণা করা হয় আর প্রত্যেক জেনারেল নৈতিক গুণাবলিতে পরিপূর্ণ। পরিহাসের বিষয় হচ্ছে, এখানে নির্বাচিত কোনো সরকার মেয়াদ পূর্ণ করতে পারে না আর নির্দিষ্ট দিনে সেনাপ্রধান বিদায় নেন কালেভদ্রে। পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়কে সাহসী সিদ্ধান্ত হিসেবে বাহবা দেওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শেখর গুপ্ত। তাঁর ভাষায়, ‘গোপনে সেনাবাহিনীর সঙ্গে আঁতাতে এসব হচ্ছে। একই আদালত মোশাররফকে নির্বিঘ্নে পালিয়ে যেতে দিয়েছিলেন।’
আরেক ভারতীয় সাংবাদিক রাজদীপ সারদেশাই তাঁর টুইটে লিখেছেন, পাকিস্তানের আদালতগুলোকে অভিনন্দন জানানোর সময় এসেছে। ভারতে পানামা পেপারস কেলেঙ্কারি তদন্তের কি হলো?
যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হোসাইন হাক্কানি তাঁর টুইটে লিখেছেন, ৭০ বছরের ঐতিহ্যের প্রতি বিশ্বস্ত থেকেছে পাকিস্তান। ভোটাররা কখনোই কোনো প্রধানমন্ত্রীকেই পদত্যাগে বাধ্য করেননি। কাজটি করেছেন বিচারক, জেনারেল, আমলা কিংবা খুনিরা।
প্রখ্যাত আইনজীবী আসমা জাহাঙ্গীরের মতে, এই রায় সুপ্রিম কোর্টের দেয়ালে ফাটল ধরিয়েছে, কেননা মামলাটা একেবারেই আলাদা। কাজেই রায়টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রায়ের কথা জানিয়ে এক টুইটে বলেছে, এখন ন্যায়বিচারের সময়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও গ্লোবাল উইটনেস বলছে, নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের সদস্যদের এখনো লন্ডনে সম্পদ আছে কি না, তা খতিয়ে দেখে সম্পদ আহরণে কোনো অপরাধ হয়ে থাকলে ওই সব সম্পদ অবশ্যই জব্দ করা উচিত।
পাকিস্তানের ৭০ বছরের ইতিহাসে নওয়াজসহ ১৮ জন প্রধানমন্ত্রীর কেউই মেয়াদ শেষ করতে পারেননি। মেয়াদ শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রীর পদ ছাড়ার অভিজ্ঞতা অবশ্য নওয়াজের নতুন নয়। এ নিয়ে তৃতীয়বারের মতো তাঁর এই পরিণতি হলো। ১৯৯০ সালে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ১৯৯৩ সালে দুর্নীতির কারণে প্রধানমন্ত্রিত্ব চলে যায় নওয়াজের। দ্বিতীয়বার ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী হয়ে ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান তিনি। আশির দশক থেকেই দুর্নীতি তাড়া করছে নওয়াজ শরিফকে। পানামা পেপারস কেলেঙ্কারিতে যে বিষয়গুলো তাঁর বিরুদ্ধে এসেছে, তা নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ের ঘটনা।
পানামা পেপারস কেলেঙ্কারি আদালতে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের। রায়ের পর গতকাল ইসলামাবাদের বানি গালা এলাকায় নিজের বাড়িতে গণমাধ্যমকে ইমরান খান বলেন, ‘পাকিস্তানের জনগণকে অভিনন্দন জানাই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের বিজয় হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে পাকিস্তানের ইতিহাসে নতুন যুগের শুরু হলো।’ রায় উদ্যাপনের জন্য তিনি রোববার রাওয়ালপিন্ডি প্যারেড গ্রাউন্ডে সমাবেশের ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া প্রতিক্রিয়ায় রাজনৈতিক নেতা, তারকা ও সাধারণ মানুষের বেশির ভাগই নওয়াজের পদত্যাগে উল্লাস প্রকাশ করে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কাউকে কাউকে দুঃখ প্রকাশ করতে দেখা গেছে। কেউ আবার এখনই এতটা খুশি হওয়ার সুযোগ নেই বলে মনে করছেন।
আলোচনায় যাঁদের নাম
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফের উত্তরসূরি হিসেবে শাহবাজ শরিফ, খাজা মোহাম্মদ আসিফ, সরদার আয়াজ সাদিক ও আহসান ইকবালের নাম আলোচনায় আছে। তালিকার প্রথম নাম শাহবাজ শরিফ এখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী হতে হলে শাহবাজকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে জাতীয় পরিষদে নির্বাচিত হতে হবে। সে ক্ষেত্রে দলের সবচেয়ে অনুগত একজনকে শাহবাজের জন্য আসন ছাড়তে হবে। ফলে প্রধানমন্ত্রী হতে হলে কয়েক সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে তাঁকে।
নওয়াজের সবচেয়ে বিশ্বস্ত হিসেবে তাঁর উত্তরসূরি হিসেবে বিবেচিত ব্যক্তিদের তালিকায় এগিয়ে আছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ১৯৯১ সাল থেকে দলের গুরুত্বপূর্ণ পদে থাকা সাবেক এই ব্যাংকারকে সেনাবাহিনীর কঠোর সমালোচক হিসেবে বিবেচনা করা হয়।
নওয়াজ পরিবারের বিশ্বস্ত জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক প্রধানমন্ত্রী পদে সম্ভাব্য প্রার্থীদের অন্যতম। পিটিআইয়ের সাবেক এই নেতা ২০০২ সালে নওয়াজের দলে যোগ দেন। ২০১৩ সালের নির্বাচনে লাহোর আসনে হারান ইমরান খানকে।
রাজনৈতিক পরিবারের সন্তান আহসান ইকবাল যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করে যোগ দেন নওয়াজের দলে। কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি শিক্ষা ও সংখ্যালঘু মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
পানামাভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকা। ২০১৬ সালের এপ্রিলে তাদের প্রায় ১ কোটি ১৫ লাখ নথি ফাঁস হয়। কয়েক দশকের এসব নথি থেকে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশের সাবেক-বর্তমান রাষ্ট্রনেতা থেকে শুরু করে ক্রীড়া ও বিনোদনজগতের বড় বড় তারকা ও ব্যবসায়ীরা বিদেশে অর্থ পাচারে মোসাক ফনসেকার সহায়তা নিয়েছেন। প্রতিষ্ঠানটি পানামাভিত্তিক হওয়ায় বিশ্বের গণমাধ্যমগুলো এই ঘটনাকে ‘পানামা পেপারস কেলেঙ্কারি’ হিসেবে অভিহিত করে।
[পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর, ডন, এক্সপ্রেস ট্রিবিউন, জিয়ো টিভি, বিবিসি ও আল-জাজিরা অবলম্বনে]