
পানামা পেপারস ফাঁসের পর অর্থ পাচারের অভিযোগ থেকে আপাতত রক্ষা পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, তাঁকে ক্ষমতা থেকে সরানোর মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে অর্থ পাচারের অভিযোগে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা অধিকতর তদন্তে বিভিন্ন সংস্থার সমন্বয়ে যৌথ দল গঠনের নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। গতকাল বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়েছে।
পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এক কোটির বেশি নথি ফাঁস হয় গত বছর। এর কিছু নথি থেকে জানা যায়, নওয়াজ শরিফ, তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ, ছেলে হাসান ও হুসেইন নওয়াজ একাধিক লেনদেনের মাধ্যমে বিদেশে পাঠিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। এ ছাড়া অন্তত আটটি অফশোর কোম্পানির মালিকানার সঙ্গে নওয়াজ ও তাঁর পরিবারের যুক্ত থাকার ইঙ্গিত পাওয়া যায় ওই সব নথিতে।
এ ঘটনায় পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), জামায়াত-ই-ইসলামি (জেআই), ওয়াতান পার্টি ও অল পাকিস্তান মুসলিম লিগ প্রধানমন্ত্রী নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের আবেদন করে। এ নিয়ে ব্যাপক আন্দোলনও শুরু করেছিল বিরোধী দলগুলো। তখন আদালত বিষয়টি তদন্ত করে দেখতে সম্মত হন।
গতকাল সুপ্রিম কোর্টের আদেশের পর নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) এ রায়কে ‘বিজয়’ হিসেবে ঘোষণা করে। আর নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ এক টুইট বার্তায় রায় উদ্যাপনের কিছু ছবি প্রকাশ করেছেন। তাতে হাস্যোজ্জ্বল অবস্থায় নওয়াজ শরিফ, তাঁর পরিবারের সদস্য ও রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগের শীর্ষ নেতাদের দেখা গেছে।
তবে নওয়াজের পদত্যাগ দাবি করে পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, ‘তিনি কী কারণে উদ্যাপন করছেন? আমি তাঁর পদত্যাগ দাবি করছি...অন্তত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। সেখানে নির্দোষ প্রমাণিত হলে তিনি ফিরে আসতে পারেন।’
আর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি রায়ের পর বলেছেন, ‘নওয়াজ শরিফের পদত্যাগ করা উচিত। তিনি সরকার চালাতে পারবেন না। অন্য কাউকে এ সুযোগ দেওয়া উচিত।’
সুপ্রিম কোর্টের এক নম্বর আদালতকক্ষে বিচারক আসিফ সাঈদ খোসা চূড়ান্ত রায় ঘোষণা করেন। ৫৪০ পাতার রায় লিখেছেন বিচারক ইজাজ আফজাল। বিচারক খোসা বলেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ও জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) কার্যকর তদন্ত করার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
রায়ে যৌথ তদন্ত দলের কাঠামো সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, তদন্ত দলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ), জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি), স্টেট ব্যাংক অব পাকিস্তান, আন্তবাহিনী গোয়েন্দা সংস্থা ও সেনা গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবেন। আর তদন্ত দলের নেতৃত্বে থাকবেন এফআইএর মহাপরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা।
আদালতের নির্দেশনা অনুযায়ী, সাত দিনের মধ্যে যৌথ তদন্ত দলের সদস্যদের নাম ঘোষণা করতে হবে এবং ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। যৌথ দল প্রতি সপ্তাহে তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করবে। সংবিধানের ১৮৪ অধ্যায়ের ৩ অনুচ্ছেদ অনুযায়ী একটি বিশেষ বেঞ্চ এ মামলা পরীক্ষা করবেন।
পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ফাঁস হওয়া নথি থেকে গত বছর জানা গিয়েছিল, নওয়াজ শরিফ, তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ, ছেলে হাসান ও হুসেইন নওয়াজ একাধিক লেনদেনের মাধ্যমে বিদেশে অর্থ পাঠিয়েছেন। অন্তত আটটি অফশোর কোম্পানির মালিকানার সঙ্গে নওয়াজ ও তাঁর পরিবার যুক্ত রয়েছেন।
তবে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারকেরা এ মামলার চূড়ান্ত রায়ের ব্যাপারে সর্বসম্মতভাবে একমত হতে পারেননি। বেঞ্চের পাঁচজন বিচারকের মধ্যে তিনজন বলেছেন, তদন্তের পরিপ্রেক্ষিতে নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাঁরা এ ঘটনা তদন্তে একটি যৌথ দল গঠনের সুপারিশ করেন। আর দুজন বিচারক এতে আপত্তি জানিয়ে নওয়াজের বিরুদ্ধে আদেশ দিয়েছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে যৌথ তদন্ত দল গঠনে সরকার প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা সব ধরনের তদন্তের জন্য প্রস্তুত। আজ এটি প্রতিষ্ঠিত হয়েছে, বিরোধীরা সুপ্রিম কোর্টে যেসব প্রমাণ উপস্থাপন করেছিল, সেগুলো যথেষ্ট নয়। আমরা সফল হয়েছি।’
রেলমন্ত্রী সাদ রফিক বলেছেন, আদালতের রায়কে সম্মান জানিয়ে যৌথ তদন্ত দলকে পূর্ণ সহযোগিতা করা হবে।
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) গত বছরের এপ্রিলে মোসাক ফনসেকার এক কোটির বেশি নথি ফাঁস করে। এসব নথিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রভাবশালী রাজনীতিবিদ ও শোবিজ তারকাদের বিদেশে অর্থ পাচারের তথ্য পাওয়া যায়। তাঁদের মধ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং থেকে শুরু করে ছিল বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের নামও। ধনী ও ক্ষমতাধর ব্যক্তি এবং তাঁদের আত্মীয়রা কীভাবে, কোন কৌশলে কর ফাঁকি দিয়ে বিদেশে গোপন সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, তা এসব নথিতে প্রকাশিত হয়। এ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।