আফগানিস্তানকে অবশ্যই শান্তির লক্ষ্যে সমঝোতায় আসতে হবে: পাকিস্তান
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর দ্রুত বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে তালেবান। এ পরিপ্রেক্ষিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গত বুধবার বলেছেন, আফগানিস্তান সরকার ও তালেবান—উভয়কেই আপস করতে হবে এবং একটি শান্তি সমঝোতায় পৌঁছাতে হবে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওয়াশিংটনে এক সপ্তাহব্যাপী আলোচনা শেষে মুঈদ ইউসুফ তালেবানের ওপর পাকিস্তানের প্রভাব বিষয়টি উড়িয়ে দেন। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক সাক্ষাৎকারে পাকিস্তানের আফগানিস্তানে ঢুকে তালেবানকে সহযোগিতার অভিযোগ অস্বীকার করেন। তালেবান যোদ্ধাদের সরকারের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে পাকিস্তানি যোদ্ধারা সীমান্ত পার হচ্ছেন—এমন খবরকে ‘অত্যন্ত বাজে কথা’ বলে উল্লেখ করেছেন ইমরান খান।
মুঈদ ইউসুফ বলেছেন, ‘আমরা অত্যন্ত পরিষ্কার করে বলেছি, জোর করে ক্ষমতা দখলের বিষয়টি আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তবে বিশ্বকেও এটা পরিষ্কার হতে হবে যে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে।’
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, কাবুলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। তাদের অবশ্যই সামরিক বিজয়ের পথে হাঁটার বিষয়টি বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে আলোচনায় আফগানদের বিস্তৃত পরিসরে অন্তর্ভুক্ত করতে হবে। বাস্তবতা মেনে সবাইকে আপস করতে হবে। তবে তার আগে অবশ্যই সহিংসতা বন্ধ করতে হবে।
ইউসুফ বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও বাইডেন প্রশাসনের অন্য কর্মকর্তারা পাকিস্তানকে নির্দিষ্ট কোনো অনুরোধ করেননি, তবে তাঁরা সব পক্ষকে আন্তরিক আলোচনার জন্য একসঙ্গে বসার বিষয়টি নিয়ে কথা বলেছেন।
ইউসুফ তালেবানদের ওপর ইসলামাবাদের প্রভাব বিস্তারের কথা প্রত্যাখ্যান করেন। বর্তমানে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে তালেবানের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন রয়েছে।
দোহায় আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার বিষয়ে ইউসুফ বলেছেন, ‘আমাদের যা করণীয় ছিল, আমরা তা করেছি।’