আফগানিস্তানের গজনি প্রদেশের একটি কারাগারে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। হামলার পর তালেবান সদস্যসহ সাড়ে তিন শর বেশি কয়েদি পালিয়ে গেছে। হামলায় পুলিশের চার সদস্য ও তিন তালেবান জঙ্গি নিহত হন। হামলার দায় স্বীকার করেছে তালেবান। খবর গার্ডিয়ান ও বিবিসির।
গত রোববার তালেবান জঙ্গিরা দিবাগত রাত দুইটার দিকে ওই হামলা চালায়। গজনির সহকারী প্রাদেশিক গভর্নর মোহাম্মদ আলী আহমেদি বলেন, আত্মঘাতী বোমা হামলা চালিয়ে কারা ফটক ভেঙে ফেলে তালেবান জঙ্গিরা। এর ফলে কয়েদিরা বের হয়ে যায়। তিনি বলেন, হামলাকারীরা অত্যন্ত সংগঠিত ছিল। সামরিক পোশাক পরে এসে হামলা চালিয়েছ তারা।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করে বলেছেন, কয়েকজন বন্দুকধারী এবং তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী কারা ফটকে হামলা চালায়। জাবিউল্লাহ মুজাহিদ এবং প্রাদেশিক সহকারী গভর্নর আলী আহমেদি দুজনই স্বীকার করেছেন, হামলায় তিনজন তালেবান নিহত হয়েছে।
তবে মুজাহিদ দাবি করেন, হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৪০ জন সদস্য এবং কারারক্ষী নিহত হয়েছে। কারাগারে বন্দী গুরুত্বপূর্ণ কয়েকজন তালেবান নেতাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে।
আহমেদি বলেন, হামলার পর ৩৫২ জন বন্দী পালিয়ে গেছে। এর মধ্যে ১৫০ তালেবান সদস্য ছিল।
কারাগারে হামলা
জুলাই ২০১০: ফারাহ প্রদেশে বোমা হামলার পর ১৯ জন কয়েদি পালিয়ে যায়
এপ্রিল ২০১১: ৩৬০ মিটার সুড়ঙ্গ খুঁড়ে ৪৭০ জন কয়েদি পালিয়ে যায়