আফগানিস্তানে প্রশিক্ষণ নেয় বিশ্ববিদ্যালয়ে হামলাকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সেনাবাহিনী গতকাল শনিবার বলেছে, পেশোয়ারের কাছের বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলাকারী চার বন্দুকধারী আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল। আফগানিস্তানে অবস্থানরত তেহরিক-ই-তালেবান (টিটিপি) বা পাকিস্তান তালেবানের জ্যেষ্ঠ নেতা উমর মানসুর ওই হামলার নিয়ন্ত্রণে ছিলেন। সেনা কর্তৃপক্ষ আরও বলেছে, ওই হামলায় সহযোগিতা করার দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন এখনো পলাতক। খবর রয়টার্সের।
পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিম বাজওয়া বলেন, উমর মানসুরের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ে হামলাকারী জঙ্গিরা আফগানিস্তানে প্রশিক্ষণ নেওয়ার পর তোরখাম সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করে।
উমর মানসুরকেই পেশোয়ারের সেনা পরিচালিত স্কুলে ২০১৪ সালের ভয়াবহ রক্তক্ষয়ী হামলার জন্য দায়ী করা হয়। ওই হামলায় ১৩৪ শিশু-কিশোর শিক্ষার্থী নিহত হয়।
মুখপাত্র বাজওয়া বলেন, মানসুরের একজন সহযোগী হামলাকারীদের তোরখাম সীমান্তে পৌঁছাতে সহায়তা করেন। গণপরিবহন ব্যবহার করে তারা ঘটনাস্থল চারসাদার ৩০ কিলোমিটার দূরের মারদান শহরে পৌঁছায়। সেখানে চারজন পাকিস্তানি তাদের স্বাগত জানায়। ওই চার ব্যক্তি এখন সেনা হেফাজতে। এদের মধ্যে আদিল ও রিয়াজ নামে দুই ব্যক্তি হামলাকারীদের মারদানের দুটি বাড়িতে থাকতে দেয়। বাজওয়া বলেন, আদিল একজন মিস্ত্রি এবং সে কয়েক দিন আগেই বাচা খান বিশ্ববিদ্যালয়ে কিছু কাজ করেছিল। সেই সুযোগে সে ক্যাম্পাসের একটি মানচিত্র তৈরি করে এবং জঙ্গিদের তা দেয়। নুরুল্লাহ নামে আরেকজন হামলাকারীদের একটি অটোরিকশায় করে বিশ্ববিদ্যালয়ের পাশের আখ খেতে পৌঁছে দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর টপকে চার জঙ্গি হামলা চালায়।
পাকিস্তান সেনা কর্তৃপক্ষের এ দাবির মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে সন্ত্রাসবাদ প্রশ্নে ঘনিষ্ঠতর সহযোগিতার প্রয়োজনীয়তাই নতুন করে উঠে এল। সেনা কর্মকর্তা আসিম বাজওয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি যে (জঙ্গিদের) সহায়তাকারী ও সহযোগী থেকে থাকলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়।’
পেশোয়ারের চারসাদা শহরের বাচা খান বিশ্ববিদ্যালয়ে বুধবারের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হন। পুলিশ ও কমান্ডো বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় চার হামলাকারীও।
গত শুক্রবার প্রচারিত এক ভিডিও বার্তায় টিটিপির একটি উপদলের নেতা উমর মানসুর হুঁশিয়ারি দেন, পাকিস্তানের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে আরও হামলা চালানো হবে। ওই ভিডিওতে হামলাকারী তালেবান সদস্যদের প্রশিক্ষণ নেওয়ার দৃশ্যও দেখানো হয়।