আবার উঠে দাঁড়াল ইব্রাহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসে বসে পড়ছিল ছোট্ট শিশুরা। ধুপধাপ করে ঢুকে পড়ল বন্দুকধারীরা। ঢুকেই গুলি। কারও মাথায়, কারও বুকে ঠেকিয়ে। শিশুদের অন্তিম আর্তচিৎকারে যেন আকাশ ভেঙে পড়ছিল।
বন্ধু হামজার বাঁচার আকুতি শুনে তার হাত আঁকড়ে ধরেছিল ১৩ বছরের মুহাম্মদ ইব্রাহিম খান। ঘাতকের বুলেট হামজার মাথা ভেদ করে গেল। পরক্ষণেই ইব্রাহিম টের পেল পিঠে, কোমরে, ঊরুতে ঢুকছে তপ্ত বুলেট। আর কিছু মনে নেই। যখন চোখ মেলল, তখন সে নিজেকে দেখল হাসপাতালে।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তালেবান জঙ্গিরা এই নৃশংস হামলা চালায়। মারা যায় ১৪০ জন। অল্প কয়েকজন ছাড়া তাদের সবাই ছিল শিশু।

ইব্রাহিমের বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন তার বাবা-মা। এক সময় মৃত্যুর আশঙ্কা কেটে যায়। তবে ইব্রাহিমের কোমর থেকে নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। চিকিৎসকেরা বলেছিলেন আর কোনোদিন হাঁটতে পারবে না সে। কিন্তু বিস্ময়করভাবে ঘটনার ঠিক নয় মাস পর সবাইকে চমকে দিয়ে আবারও নিজের পায়ে উঠে দাঁড়াল ইব্রাহিম।

ইব্রাহিমের পিঠে ও নিতম্বে গুলি লাগে; এমনকি তার মেরুদণ্ডের নিচের দিকেও আঘাত লাগে। এতে সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। পেশোয়ার ও রাওয়ালপিন্ডির চিকিৎসকেরা বলেছিলেন এর কোনো চিকিৎসা নেই। সে আর কোনোদিন হাঁটতে পারবে না। চিকিৎসকদের কাছ থেকে এ ধরনের কথা শুনে একেবারে ভেঙে পড়েছিলেন তার বাবা শের খান ও মা শেরবানু। তাঁরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না তাঁদের ক্রিকেটপাগল ছেলে আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এরপর তাঁরা মনস্থির করেন ছেলেকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাবেন। কিন্তু প্রয়োজনীয় অর্থ নেই। তাই তাঁরা নানা উপায়ে প্রচার চালাতে থাকেন। পাকিস্তান টেলিভিশনের মাধ্যমে সাহায্য চাওয়া হয়। এর ফলে সমাজের উঁচুস্তরের অনেকে তাঁদের পাশে এসে দাঁড়ান। তাঁদের মধ্যে ছিলেন সাবেক ক্রিকেটার ইমরান খানও। অবশেষে ইব্রাহিমকে যুক্তরাজ্যে নিয়ে যেতে পারার মতো অর্থ সংগ্রহ করতে সক্ষম হন তাঁরা।

ছেলের এ অবস্থা দেখে শের খান বলেন, ‘ওর দিকে তাকালেই মনে হতো আমার আত্মা শরীর ছেড়ে গেছে। এই নয় মাস ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়।’

লন্ডনে হারলে স্ট্রিট ক্লিনিকে ইব্রাহিমের চিকিৎসা চলে। সেখানকার চিকিৎসক নিউরোসার্জন ইরফান মালিক বলেন, ইব্রাহিমকে যখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তার অবস্থা ছিল ভয়ানক। গত কয়েকটা মাস তার কেটেছে হাসপাতালের বিছানায়। সে এপাশ থেকে ওপাশ হতে পারেনি। খুবই দুর্বল ছিল সে। পিঠে ঘা হয়ে গিয়েছিল।

কিন্তু ছয় ঘণ্টার অস্ত্রোপচারের পর মালিক ও তাঁর দল শেষ পর্যন্ত ইব্রাহিমের নার্ভগুলোকে পুনরায় সংযোগ করতে এবং তার মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করতে সক্ষম হন। এর ঠিক এক সপ্তাহ পর সে উঠে দাঁড়ায় এবং হাঁটতে শুরু করে। মালিক বলেন, ‘আমরা এতটা আশা করিনি। এটি সত্যি বিস্ময়কর।’

অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর ইব্রাহিম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মতো সেরে ওঠে। সে বলেছে, সে নিজের পায়ে চলার মতো শক্তি ফিরে পেতে এবং যুক্তরাজ্যেই তার পড়াশোনা চালিয়ে যেতে চায়। পড়াশোনা শেষে সে পাকিস্তানে ফিরে সেনাবাহিনীতে যোগ দিয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে চায়। ইব্রাহিম বলে, ‘আমি দ্বিতীয় জন্ম পেয়েছি।’

মুহাম্মদ ইব্রাহিম প্রতিদিন শারীরিক শক্তি একটু একটু করে ফিরে পেলেও সে যে মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে তা অকল্পনীয়। সে বলে, ‘আমার রাগ-ক্ষোভ কমেনি। আমার স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের হত্যা করা হয়েছে। তাদের কী অপরাধ ছিল?’

ঘটনার দিনের বর্ণনা তুলে ধরে মুহাম্মদ ইব্রাহিম বলে, ‘ওই দিন কী হয়েছিল আমি ভুলতে পারব না। আমরা মিলনায়তনে বসে ছিলাম। আমরা শিক্ষককে প্রশ্ন করছিলাম...আচমকা বাইরে প্রচণ্ড গোলাগুলির শব্দ। সন্ত্রাসীরা মিলনায়তনে ঢুকে হত্যা করতে শুরু করল। চোখের সামনে আমাদের শিক্ষিকা জীবন্ত দগ্ধ হলেন। স্কুলের নিরাপত্তাকর্মীদের ছদ্মবেশে তারা স্কুলে ঢুকে পড়েছিল। এরপর তারা মিলনায়তন থেকে চারজনকে ধরে নিয়ে যাচ্ছিল। এ সময় আমার বন্ধু হামজার গলা কানে এল। সে আমার নাম ধরে বলছিল, “ভাই, আমাকে বাঁচা।” আমি তার হাত ধরে রাখলাম। ঠিক সেই সময় আমার পেছনে আর ওর মাথায় গুলি লাগল। আমার হাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল হামজা। আর যখন চোখ খুললাম, তখন দেখি আমি হাসপাতালে।’ বিবিসি।