আবার চালকের আসন পাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে গতকাল ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নেওয়া পিএটির নেতা-কর্মীদের একাংশ l ছবি: এএফপি
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে গতকাল ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নেওয়া পিএটির নেতা-কর্মীদের একাংশ l ছবি: এএফপি

নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে ইমরান খানের ‘আজাদি মার্চ’ আর তাহির উল-কাদরির ‘ইনকিলাব মার্চের’ কারণে পাকিস্তানে গভীর রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে পরামর্শের জন্য সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফের কাছে দূত পর্যন্ত পাঠান প্রধানমন্ত্রী নওয়াজ। সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নওয়াজের দূতেরা সুসংবাদ ও দুঃসংবাদ দু-ই এনেছেন।
সামরিক বাহিনী অভ্যুত্থান ঘটাবে না বলে আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। তবে এর বিনিময়ে তাদের জন্য প্রধানমন্ত্রীকে অবশ্যই ‘কিছু জায়গায় ছাড়’ দিতে হবে।
সুসংবাদ হলো, সামরিক অভ্যুত্থান ঘটানো হবে না বলে প্রধানমন্ত্রী নওয়াজকে আশ্বস্ত করা হয়েছে। আর দুঃসংবাদ হলো, ক্ষমতায় টিকে থাকতে চাইলে তাঁকে সামরিক বাহিনীর জন্য ছাড় দিতে হবে।
ইমরান ও কাদরির সমর্থকেরা গত মঙ্গলবার কাঁটাতারের ব্যারিকেড ভেঙে রাজধানীর কড়া নিরাপত্তাধীন এলাকা ‘রেড জোনে’ প্রবেশ করলেও দাঙ্গা পুলিশ বা আধা সামরিক বাহিনী কিছু করেনি। মঙ্গলবারই সামরিক বাহিনীর মুখপাত্র আসিম বাজওয়া সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ‘অর্থপূর্ণ সংলাপের’ মাধ্যমে চলমান সংকট সমাধানের আহ্বান জানান।
এই পরিস্থিতিতে সামরিক বাহিনীর সমর্থন না পেয়ে ইমরান ও কাদরির বিক্ষোভ ব্যর্থ হয়ে গেলেও অভ্যুত্থানপ্রবণ পাকিস্তানে নওয়াজের সরকার ভবিষ্যতে দুর্বল হয়ে পড়বে। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের কেন্দ্রীয় একজন মন্ত্রী বলেন, ‘সবচেয়ে বড় ক্ষতি হবে প্রধানমন্ত্রী নওয়াজের। শক্তিশালী সামরিক বাহিনীর কাছে হারছেন তিনি, হারছেন ক্ষুদ্র রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও।’ ওই মন্ত্রী আরও বলেন, ‘এখন থেকে প্রতি মুহূর্তে কাঁধে অনাকাঙ্ক্ষিত ভার অনুভব করবেন প্রধানমন্ত্রী নওয়াজ।’
সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে বিচারের মুখোমুখি করা, তালেবানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের নীতিসহ কয়েকটি কারণে নওয়াজের ওপর নাখোশ পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। বিষয়টি নওয়াজও জানেন। আর এ কারণেই তাঁর ভয়, চলমান রাজনৈতিক সংকটকে পুঁজি করে সামরিক অভ্যুত্থান ঘটে যেতে পারে। পাকিস্তানের ৬৭ বছরের ইতিহাসে বেশির ভাগ সময়ই সরাসরি কিংবা পরোক্ষভাবে সেনাবাহিনীই ক্ষমতায় ছিল।
সামরিক বাহিনীর জন্য ‘কিছু ছাড় দেওয়ার’ মানে হলো, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি, নিরাপত্তা ও কৌশলগত নীতিতে জেনারেলদের কর্তৃত্ব বেড়ে যাওয়া। যার অর্থ দাঁড়ায়, আবারও চালকের আসনে আসীন পাকিস্তানের সামরিক বাহিনী।