বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাতে সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চেয়েছে পাকিস্তান সরকার। সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সুপ্রিম কোর্ট গত বুধবার ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছেন। খবর ডনের।
পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল সালমান আসলাম বাট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাসির-উল-মুলকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের কাছে সময় প্রার্থনা করেন।
২০০৯ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্টে বাংলাদেশে আটকে পড়া ২ লাখ ৩৭ হাজার পাকিস্তানিকে ফিরিয়ে আনার জন্য আবেদন করা হয়। আইনজীবী রাশিদ-উল-হক কাজী আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে কাজ করা দুটি সংগঠনের পক্ষে এ আবেদন করেন। পাকিস্তান সুপ্রিম কোর্ট আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার আবেদন গ্রহণ করেন। আবেদনে বলা হয়, আটকে পড়া পাকিস্তানিরা হয় জন্মসূত্রে নয় তো বংশপরম্পরায় পাকিস্তানের নাগরিক।
আবেদনে বলা হয়, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর দুই দেশ উভয় দেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নিতে প্রতিশ্রুতি দেয়। সেই প্রতিশ্রুতির নিরিখে আটকে পড়া পাকিস্তানিরা তাদের দেশে ফিরে আসার অধিকার রাখে। ‘বিহারি’ নামে পরিচিতি আটকে পড়া এসব পাকিস্তানি নাগরিকদের ফিরিয়ে আনা বন্ধ করার কোনো সাংবিধানিক বা আইনি অধিকার পাকিস্তান সরকারের নেই।
১৯৭৪ সালের এপ্রিলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির পরিপ্রেক্ষিতে আটকে পড়া নাগরিকদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এই চুক্তি কিছুটা বাস্তবায়িত হয় ১৯৯৩ সালের ১০ জানুয়ারি। ওই সময় আটকে পড়া পাকিস্তানিদের ৩২৫ পরিবারকে পাকিস্তানে ফিরিয়ে নেওয়া হয়। এসব পরিবারকে পাঞ্জাবের মিয়া চুন্নু এবং মুজাফফরগড় এলাকায় পুনর্বাসন করা হয়।