আমার চরিত্র হননের উপাদান প্রস্তুত করা হচ্ছে: ইমরান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
ছবি: রয়টার্স

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, তাঁর চরিত্র হননে বিরোধীরা কোম্পানি (প্রতিষ্ঠান) ভাড়া করেছে। এই কোম্পানিগুলো তাঁর চরিত্র হননের ‘উপাদান প্রস্তুত’ করছে। খবর ডনের।

হাম নিউজে অভিনেতা শান শহিদকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল বুধবার ইমরান খান এমন দাবি করেন। সাক্ষাৎকারে রাজনীতি এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধে মার্কেটিং কোম্পানিগুলোকে ব্যবহারের বিষয়ে তাঁর কাছে জানতে চান এই অভিনেতা।

সাবেক এই প্রধানমন্ত্রী এমন সময় এমন মন্তব্য করলেন, যখন সমর্থকদের ‘ডিপফেকের’ ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমের পিটিআই সমর্থক অ্যাকাউন্টগুলো।

ডিপফেকের মাধ্যমে ছবি বা ভিডিওকে বিকৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করে হুবহু আসলের মতো বলে প্রচার করা হয়ে থাকে। বিষয়টি প্রযুক্তিজগতে ডিপফেক নামে ব্যাপক পরিচিত হয়ে উঠেছে।

ইমরান খান বলেন, ‘আমাকে মাফিয়াদের সঙ্গে লড়তে হয়। তাদের মধ্যে সবচেয়ে বড় মাফিয়া হলো শরিফ মাফিয়া...তারা সব সময় ব্যক্তিগত আক্রমণ করে থাকে। কারণ, ৩৫ বছর ধরে তারা দুর্নীতিতে লিপ্ত। যখন কেউ তাদের দুর্নীতি নিয়ে কথা বলে, তারা তাঁর ব্যক্তিগত চরিত্র নিয়ে আক্রমণ করে।’

তিনি বলেন, তাঁর সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথকেও অতীতে লক্ষ্যবস্তু করা হয়েছে। ‘ইহুদি লবির’ অংশ হিসেবে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে প্রচারণা চালানো হয়। তাঁর বিরুদ্ধে প্রাচীন টাইলস রপ্তানির ভুয়া অভিযোগে মামলাও করা হয়েছিল।
শরিফ পরিবার ঈদের পর তাঁর চরিত্র হননে প্রচারণা শুরুর প্রস্তুতি নিয়েছে বলে অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এখন ঈদ শেষ হয়েছে। এখন আপনি দেখবেন, তারা আমার চরিত্র হননে পুরোপুরি প্রস্তুত। তারা কোম্পানি ভাড়া করেছে, যারা এই উপাদান প্রস্তুত করছে।’

আরও পড়ুন

বর্তমান ফেডারেল মন্ত্রিসভার সদস্যদের ৬০ শতাংশই জামিনে বাইরে আছেন বলে দাবি করেন ইমরান খান। তিনি বলেন, ‘বাবা (প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ) জামিনে আছেন, ছেলেরও (পাঞ্জাবের চিফ মিনিস্টার হামজা শরিফ) একই অবস্থা। মরিয়াম নেওয়াজ জামিনে বাইরে আছেন। নওয়াজ শরিফ দণ্ডিত। তাঁর ছেলেরা আবার বিদেশে পালিয়েছেন। আত্মপক্ষ সমর্থনে তাদের কী বলার আছে?’

পিটিআই চেয়ারম্যান বলেন, শত শত কোটি রুপি চুরির জবাব দেওয়ার পরিবর্তে, শরিফ পরিবার এখন তাঁর চরিত্র হননে নজর দিয়েছে।

ইমরান খান বলেন, ‘জেমিমার অপরাধ কী ছিল? সে আমার স্ত্রী এটাই...এখন তারা ফারাহকে (খান) পেয়েছে। ফারাহর অপরাধ সে বুশরা বেগমের (ইমরানের স্ত্রী) ঘনিষ্ঠ বান্ধবী।’

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, শরিফ পরিবার আরও কিছু করার প্রস্তুতি নিয়েছে। তারা পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি সাকিব নিসার ও প্রয়াত বিচারক আরশাদ মালিকের অডিও রেকর্ডের মতো অডিও তৈরি করছে।

ইমরান খান বলেন, ‘মাফিয়াদের কাজ এ রকমই। আমি শুধু জনগণকে বলতে চাই, আপনি যদি কারও নামে কুৎসা ছড়াতে চান, সেটা অর্জনে আপনাকে সহযোগিতা করার মতো কোম্পানি আছে।’

জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে ৯ এপ্রিল বিদায় নেয় ইমরান খানের সরকার। অনাস্থা প্রস্তাবের নেপথ্যে বিদেশি ষড়যন্ত্র ছিল বলে দাবি করে আসছেন তিনি। দ্রুত নির্বাচন আদায়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান।