আরও ড্রোন হামলা হলে সম্পর্ক নষ্ট হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ড্রোন হামলা করলে দুই দেশের সম্পর্কের ক্ষতি হবে বলে সতর্ক করে দিয়েছে ইসলামাবাদ। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ গতকাল শুক্রবার ইসলামাবাদ সফররত হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে নিজ দেশের এই অবস্থান তুলে ধরেন।
উচ্চপর্যায়ের ওই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রিচার্ড ওলসন এবং আফগানিস্তান ও পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক পিটার ল্যাভয়। আর ইসলামাবাদের পক্ষ থেকে সারতাজ আজিজের পাশাপাশি উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব আইজাজ আহমেদ চৌধুরী।
বেলুচিস্তানে গত ২১ মে মার্কিন ড্রোন হামলায় আফগান তালেবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হন। ওই হামলা প্রসঙ্গে আইজাজ ওই বৈঠকে বলেন, এটা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘনের পাশাপাশি জাতিসংঘ সনদের মূলনীতির পরিপন্থী। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এতে সারতাজ আজিজ বলেন, মার্কিন ড্রোন হামলায় আফগান শান্তিপ্রক্রিয়ার জন্য চলমান প্রচেষ্টার বড় ধরনের ক্ষতি হয়েছে।