স্কুলে জঙ্গি হামলা: পাকিস্তানে অভিযানে ২৯ তালেবান নিহত
আরও দুই জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে মঙ্গলবার

পাকিস্তানে গত শুক্রবার দুই জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করার পর দেশজুড়ে নিরাপত্তাব্যবস্থা কঠোর করা হয়েছে। সরকারের আশঙ্কা, মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় ক্ষুব্ধ তালেবান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে।
এদিকে এই আশঙ্কার মধ্যেই মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জঙ্গিদের আরও দুজনের মৃত্যুর পরোয়ানা শুক্রবার জারি করেছেন পাকিস্তানের এক আদালত। ছয় জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করতে আগের দিন তাদের মৃত্যু পরোয়ানায় সই করেছিলেন সেনাপ্রধান। খবর বিবিসি, এএফপি ও ডনের।
গত বৃহস্পতিবার এক দিনেই ছয় জঙ্গির মৃত্যু পরোয়ানায় সই করেছিলেন সেনাপ্রধান রাহিল শরিফ। এরপর তাদের মধ্যে সাবেক সেনাসদস্য আকিল ওরফে ডা. উসমান ও আরশাদ মেহমুদের মৃত্যুদণ্ড শুক্রবার রাতে ফয়সালাবাদের কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়। কর্মকর্তারা বলছেন, ওই ঘটনায় তালেবান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। এই অবস্থায় সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
কর্মকর্তারা আরও বলেন, তাঁদের আশঙ্কা, কারাগারগুলোতেও হামলা চালিয়ে নিজেদের সদস্যদের ছিনিয়ে নিতে পারে তালেবান। এ জন্য দেশজুড়ে কারাগারে মোতায়েন করা হয়েছে সেনাসদস্য।
এদিকে শুক্রবার ওই দুই জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করার দিনই নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-জাংভির দুই সদস্য আতাউল্লাহ ওরফে কাসেম ও মোহাম্মদ আজম ওরফে শরিফের মৃত্যু পরোয়ানাও জারি করেন সন্ত্রাস দমনবিষয়ক একটি আদালত। সে অনুযায়ী, তাদের মৃত্যুদণ্ড আগামী মঙ্গলবার কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২০০১ সালে সোলজার বাজার নামক এলাকায় শিয়া-মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ড. আলী রাজা পিরানিকে হত্যার দায়ে দীর্ঘ ১০ বছর আগে ওই দুজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করা হয়েছিল। অবশেষে আদালত এই দুই ব্যক্তির মৃত্যু পরোয়ানা জারি করে তা সুক্কুর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে পাঠাতে নির্দেশ দেন। মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে পরোয়ানায়।
এই পরোয়ানা জারির আগে কারাগারের তত্ত্বাবধায়ক আদালতকে এক চিঠিতে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর থেকে সম্প্রতি সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ওই দুজনের মৃত্যুদণ্ডাদেশের ওপর থেকেও প্রেসিডেন্টের সর্বশেষ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত মঙ্গলবার পেশোয়ারের স্কুলে ভয়াবহ জঙ্গি হামলায় ১৩২ শিশুসহ ১৪১ জন নিহত হলে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর থেকে ছয় বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তালেবান বলেছিল, তাদের কোনো সদস্যকে ফাঁসিতে ঝোলানো হলে তা সরকারের যুদ্ধ ঘোষণার শামিল বলে ধরা হবে। সেই সঙ্গে পাকিস্তানে আরও হামলা চালানোর হুমকি দেয় তারা।
নিহত আরও ২৯: পেশোয়ারে জঙ্গি হামলার পর তালেবানের বিরুদ্ধে সীমান্ত অঞ্চলে শুরু করা নিরাপত্তা বাহিনীর অভিযানে গতকাল আরও অন্তত ২৯ জন নিহত হয়েছে। এ নিয়ে গত তিন দিনে নিহত জঙ্গির সংখ্যা দাঁড়াল ৯৬ জন।
কর্মকর্তারা দাবি করেন, খাইবার অঞ্চলের তিরাহ উপত্যকাসহ বিভিন্ন স্থানে গতকাল জঙ্গি বিমানের হামলায় অন্তত ২০ জঙ্গি নিহত হয়। উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি-অধ্যুষিত এলাকায় স্থানীয় ও বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে শুরু করা অভিযানের অংশ হিসেবে চালানো হয় এ হামলা।
নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযানের পাশাপাশি গতকাল উত্তর ওয়াজিরিস্তানের দত্তখেল এলাকায় চালকবিহীন বিমান (ড্রোন) থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, এ হামলায় সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ জঙ্গি সদস্য রয়েছে।
ওদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, পেশোয়ারের বাজারগারি নামক স্থানে গতকাল নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তুমুল লড়াই হয়েছে। এ সময় অন্তত পাঁচ জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে দারা আদমখেল এলাকার শীর্ষস্থানীয় তালেবান কমান্ডার মুস্তফা ওরফে মানানও রয়েছে।
সমন্বিত অভিযানের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ গতকাল বলেছেন, সন্ত্রাসীদের লক্ষ্য করে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সমন্বিত অভিযান চালাতে সম্মত হয়েছে দুই দেশের নিরাপত্তা বাহিনী।
পেশোয়ারের হামলাকে ‘পাকিস্তানের নাইন-ইলেভেন’ আখ্যায়িত করে এর এক দিন আগে সারতাজ আজিজ বলেছিলেন, সন্ত্রাস দমনে পাকিস্তানের সেনাবাহিনীকে পূর্ণ সহযোগিতা দিতে রাজি হয়েছে কাবুল।
প্রেসিডেন্টের হুঁশিয়ারি: পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন শুক্রবার সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় বিচারের সম্মুখীন হতে হবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের লেখা একটি বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সন্ত্রাসীদের রাষ্ট্রীয় আইন মানতে হবে, নতুবা ইসলামের নাম করে তারা যা করছে, তাতে তাদের ভয়াবহ পরিণতির জন্য তৈরি থাকতে হবে।