আরও ৫৫ জঙ্গি ঝুলবে ফাঁসিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে জঙ্গি কর্মকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া অন্তত ৫৫ জঙ্গির প্রাণভিক্ষার আবেদন সম্প্রতি নাকচ করেছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন।
আজ সোমবার দ্য ডন পত্রিকার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আগামী কয়েক দিনের মধ্যেই এই জঙ্গিদের ফাঁসি কার্যকর করা হতে পারে।
পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ১৬ ডিসেম্বর হামলা চালায় তালেবান। ওই হামলায় ১৩২ জন স্কুলশিশুসহ ১৪১ জন নিহত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জঙ্গি কর্মকাণ্ডে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। ইতিমধ্যে ছয় জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
সর্বোচ্চ দণ্ড পাওয়া ৫৫ জনেরও বেশি জঙ্গির প্রাণভিক্ষার আবেদন প্রেসিডেন্টের কাছে ২০১২ সাল থেকে ঝুলে ছিল। দ্য ডন পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাদের প্রাণভিক্ষার আবেদন সম্প্রতি নাকচ করেছেন প্রেসিডেন্ট। এখন আগামী কয়েক দিনের মধ্যে তাদের ফাঁসি কার্যকর করা হতে পারে।
পাকিস্তানে সাধারণত প্রাণভিক্ষার আবেদন নাকচ ও মৃত্যুপরোয়ানা জারির পর দণ্ড কার্যকরে অন্তত ১৪ দিন লাগে। তবে সম্প্রতি পাঞ্জাব সরকার আইন সংশোধন করে এই সময় দুই দিন করেছে।
পাকিস্তানি আইনে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও ২০০৮ সালে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সময় এটি কার্যকর করার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। স্থগিতাদেশের এই মেয়াদ শেষ হলে গত বছরের জুনে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেয় নবনির্বাচিত নওয়াজ সরকার। কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর চাপে সরকার স্থগিতাদেশ বহাল রাখতে বাধ্য হয়।
জঙ্গি কর্মকাণ্ডসহ নানা অপরাধে এখন পর্যন্ত দেশটিতে আট হাজার ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঝুলছে। স্থগিতাদেশের কারণে এত দিন এসব রায় কার্যকর করা যায়নি।