আরেক মামলায় গ্রেপ্তার জঙ্গি নেতা লাকভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ের আলোচিত সন্ত্রাসী হামলার সন্দেহভাজন মূল হোতা জাকিউর রহমান লাকভিকে আবার গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ। আদালত তাঁকে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দেওয়ার এক দিন পর এ পদক্ষেপ নেওয়া হলো। অবশ্য, লাকভিকে এবার গ্রেপ্তার দেখানো হয়েছে অন্য একটি মামলায়। খবর বিবিসি, ডন ও এনডিটিভির।
মুম্বাইয়ের ২০০৮ সালের ২৬ নভেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ছয় বছর ধরে কারাগারে রয়েছেন জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার (এলইটি) কমান্ডার লাকভি। তবে ১৮ ডিসেম্বর তাঁকে জামিনে মুক্তি দেন একটি সন্ত্রাসবিরোধী আদালত। এরপর ইসলামাবাদের জেলা প্রশাসন তাঁর বিরুদ্ধে আটকাদেশ জারি করে। তবে গত সোমবার এর ওপর স্থগিতাদেশ দিয়ে ইসলামাবাদ হাইকোর্ট জামিনে মুক্তির জন্য লাকভিকে ১০ লাখ রুপি জমা দিতে বলেন। সোমবার রাতেই লাকভি জামিনের অর্থ জমা দেওয়ায় রাওয়ালপিন্ডির কারাগার থেকে তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল।
হাইকোর্টের ওই নির্দেশের কয়েক ঘণ্টার মাথায়ই লাকভির বিরুদ্ধে ইসলামাবাদে অপহরণের মামলা করা হয়। মামলার অভিযোগে বলা হয়, তিনি আনোয়ার নামের এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় জড়িত ছিলেন। ওই মামলায় রাতেই তাঁকে আবার গ্রেপ্তার দেখিয়ে থানায় নেওয়া হয়। এরপর গতকাল লাকভিকে ইসলামাবাদের একটি স্থানীয় আদালতে হাজির করে পুলিশ দুই দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
পেছনে ‘ভারতের চাপ’: ভারতের চাপে পাকিস্তান লাকভিকে আবার গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জঙ্গি এ নেতাকে মুক্তি দেওয়ার ব্যাপারে আদালতের রায়ের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল ভারত। নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতকে সোমবার ডেকে পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আদালতের ওই আদেশের বাপারে দিল্লি তার ক্ষোভের কথা হাইকমিশনারকে জানিয়ে দিয়েছে।