আলোচনা স্থগিত করল পিটিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সঙ্গে আলোচনা নিয়ে দৃশ্যত বারবার মত বদলাচ্ছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে পিটিআই। সরকারের বিরুদ্ধে ইসলামাবাদের কড়া নিরাপত্তা এলাকা ‘রেড জোনে’ কর্মসূচি প্রতিরোধের চেষ্টার অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেয় দলটি। খবর ডন, জিয়ো টিভি ও রয়টার্সের।
এদিকে ইমরান খান অভিযোগ করেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। তিনি যুক্তরাষ্ট্র সরকারের কাছে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের চলমান সংকট নিয়ে যুক্তরাষ্ট্র সরকার যে বিবৃতি দিয়েছে, তা প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন, পাকিস্তান সরকার ‘যুক্তরাষ্ট্রের ভৃত্য’ হিসেবে কাজ করছে। তারা ‘মার্কিনদের জুতা পলিশ করছে’।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে নওয়াজ শরিফের সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেছে, পাকিস্তানে নির্বাচিত সরকার ক্ষমতায় আছে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, তাঁর দলের প্রতি পার্লামেন্টের বেশির ভাগ দলের সমর্থন রয়েছে। গতকাল ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ‘পার্লামেন্টের ১২টি দলের মধ্যে ১১টিই আমাদের দল ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছে। চলমান সংকটে সব গণতান্ত্রিক শক্তিই একই কাতারে রয়েছে।’
পিটিআইয়ের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি বলেছেন, নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান বন্ধ না করা পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিটিআই সরকারের সঙ্গে আলোচনা স্থগিতের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগে পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা তাহির-উল কাদরি অভিযোগ করেন, রেড জোনে অবস্থান নেওয়ায় তাঁর সমর্থকদের চারদিকে নতুন করে অবরোধ তৈরি করা হচ্ছে। সেখানে কেউ ঢুকতে বা সেখান থেকে বের হতে পারছে না।
এর আগে বুধবার রাতে পিটিআইয়ের প্রতিনিধিদলের সঙ্গে সরকারের আলোচনা হলেও তা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। ইসলামাবাদের একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত রুদ্ধদ্বার ওই বৈঠকে পিটিআইয়ের পক্ষে মেহমুদ কোরেশি, জাভেদ হাশমি, আরিফ আলভিসহ পাঁচজন অংশ নেন। সরকারপক্ষে ছিলেন পাঞ্জাবের গভর্নর চৌধুরী সারোয়ার, কেন্দ্রীয় মন্ত্রী জাহিদ হামিদ, পারভেজ রশিদসহ পাঁচ নেতা।
ইমরান ও পিএটির নেতা তাহির-উল কাদরি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে পৃথকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আদালতে পিটিআইয়ের আইনজীবী: এদিকে এই আন্দোলনের বিরুদ্ধে লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তলব পেয়ে ইমরানের আইনজীবীরা গতকাল আদালতে যান। শুনানিতে তাঁরা বলেন, পিটিআই শান্তিপূর্ণ দল। এই দল কখনোই সংবিধান লঙ্ঘন করেনি। আদালত পিটিআইয়ের আইনজীবীদের আজ শুক্রবারের মধ্যে এ বিষয়ে একটি বিবৃতি আদালতে দাখিলের নির্দেশ দেন।
বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী আসমা জাহাঙ্গীর বলেন, আদালত মতপ্রকাশের স্বাধীনতার অধিকারে বিশ্বাস করেন এবং সব সময় এই অধিকারকে উৎসাহিত করেন। কিন্তু নিরঙ্কুশ স্বাধীনতা ভিন্ন পরিস্থিতির সৃষ্টি করে।
অসাংবিধানিক কিছু গ্রহণযোগ্য নয়: মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র ম্যারি হার্ফ বুধবার ওয়াশিংটনে বলেন, পাকিস্তানে অসাংবিধানিকভাবে ক্ষমতার হস্তান্তর গ্রহণযোগ্য হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যাঁরা এ ধরনের কোনো পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁরা যেন তা থেকে সরে যান।
প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী বৈঠক: পরিস্থিতি নিয়ে গতকাল প্রেসিডেন্ট মামনুন হুসাইনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। প্রেসিডেন্ট রাজনৈতিকভাবে এই সংকট সমাধানের ওপর জোর দেন। এ সময় প্রধানমন্ত্রী ‘কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে’ প্রেসিডেন্টের অনুমোদন নেন বলে জানা গেছে।
‘দাবি অসাংবিধানিক’: পিটিআই ও পিএটি প্রধানমন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে, তাকে অসাংবিধানিক অভিহিত করে গতকাল একটি প্রস্তাব পাস করেছে জাতীয় পরিষদ। মুহাম্মদ খান আচাকজাইয়ের উত্থাপন করা ওই প্রস্তাব সর্বসম্মতিতে পাস হয়। চলমান রাজনৈতিক সংকট নিয়ে গতকাল জাতীয় পরিষদে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নওয়াজের। কিন্তু তা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি।