আলোচনার কথা বলেও মত বদল ইমরান খানের
সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হওয়ার কথা বলে কিছুক্ষণের মধ্যে আবার মত বদলালেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে শুরু করা ‘আজাদি মার্চের’ সপ্তম দিনে এসে গতকাল বুধবার দুপুরে আলোচনায় বসতে রাজি হয়েছিলেন তিনি।
এদিকে সুপ্রিম কোর্ট ইমরান খান ও তাঁর সঙ্গে একই কায়দায় মার্চ নিয়ে রাজধানী আসা পাকিস্তান আওয়ামি তেহরিকের (পিএটি) নেতা তাহির উল-কাদরিকে আগামীকাল হাজির হতে বলেছে। তাদের আন্দোলন কর্মসূচি নিয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদালত এ আদেশ দেন।
এর আগে প্রধানমন্ত্রী নওয়াজ মঙ্গলবার রাতে উচ্চপর্যায়ের বৈঠক করে পদত্যাগ না করার সিদ্ধান্ত নেন। খবর ডন নিউজ ও জিয়ো টিভির।
গতকাল সন্ধ্যায় পিটিআই জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি বলেন, ‘আমরা সরকারের সঙ্গে শিগগিরই আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, দল সিদ্ধান্ত নিয়েছে এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ। তার আগে কোনো আলোচনা হতে পারে না। কোরেশিই এর আগে বলেছিলেন, তারা আলোচনা করতে আগ্রহী।
কোরেশি আগে আলোচনার আগ্রহ দেখিয়ে বলেছিলেন, আলোচনার টেবিলে পিটিআই ছয়টি শর্ত উপস্থাপন করবে। পরে পিটিআইয়ের গণমাধ্যম উপদেষ্টা ফয়সাল ভাদা শর্তগুলো প্রকাশ করেন। সেগুলো হলো প্রধানমন্ত্রী নওয়াজ ও তাঁর ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজের পদত্যাগ, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন, ‘ভোট জালিয়াতির’ সঙ্গে জড়িতদের শাস্তি এবং নতুন করে নির্বাচন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নওয়াজের ভাই শাহবাজ শরিফ সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রাতে সামরিক বাহিনীর একজন মুখপাত্র ‘অর্থপূর্ণ সংলাপের’ মাধ্যমে চলমান সংকট সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
নওয়াজের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিবাগত রাতে ইমরানের সমর্থকেরা রাজধানীর সর্বোচ্চ সুরক্ষিত অঞ্চলে (রেড জোন) ঢুকে পড়ে। গতকাল বুধবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করেন তাঁরা। সকালে নেতা-কর্মীদের উপস্থিতি কিছুটা কম হলেও দুপুরের পর তা বাড়তে থাকে। পিটিআইয়ের নেতা-কর্মীদের অবস্থানের কারণে রেড জোনের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, পার্লামেন্ট ভবন ও আদালত সংশ্লিষ্ট অনেকেই কাজে যোগ দিতে পারেননি।
এদিকে ইসলামাবাদ পুলিশপ্রধানের সঙ্গে আলোচনার পর পিএটি দলের নেতা-কর্মীরা গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা থেকে সরে যান। এর আগে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ার ঘোষণা দিলেও গতকাল সরকারের সঙ্গে আলোচনার ব্যাপারে ইতিবাচক অবস্থান জানান পিএটি প্রধান কাদরি।
মঙ্গলবার রাতে সামরিক বাহিনীর মুখপাত্র অসীম বাজওয়া খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় ‘অর্থপূর্ণ সংলাপের’ মাধ্যমে চলমান সংকট সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
ইমরান ও কাদরি একই দাবিতে ১৪ আগস্ট লাহোর থেকে পৃথকভাবে রাজধানী অভিমুখে মার্চ শুরু করেন। শুক্রবার রাতে রাজধানী পৌঁছে পৃথকভাবে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান তাঁরা।
যুক্তরাষ্ট্রের আহ্বান: শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র ম্যারি হার্ফ গত মঙ্গলবার বলেন, ‘আমরা মনে করি, মতভেদ দূর করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার উদ্যোগ নিলে পাকিস্তানের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।’
ম্যারি হার্ফ আরও বলেন, ‘আমরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’