আলোচনা থেকে সরে আসার ঘোষণা ইমরান-কাদরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সরকারের সঙ্গে সব ধরনের আলোচনা থেকে সরে আসার ঘোষণা দিল আন্দোলনরত দুই দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)। গত শুক্রবার রাজধানীতে অভিযান চালিয়ে এই দুই দল ও তাদের মিত্র অন্যান্য দলের প্রায় তিন শ কর্মীকে আটক করার পর গতকাল শনিবার তারা এই ঘোষণা দিল। আলোচনা ছেড়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে তারা। খবর দ্য ডনের।
রাজধানী ইসলামাবাদের ডি-চকে দলের নেতা-কর্মীদের অবস্থান সমাবেশে পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন, ‘শাহ মেহমুদ কোরেশি, আমি আপনাকে বলছি, সরকারের সঙ্গে চলমান আলোচনা বাদ দিয়ে দিন।’ কোরেশি ইমরানের দলের প্রেসিডেন্ট।
অন্যদিকে, রাজধানীর কনস্টিটিউশন অ্যাভিনিউ থেকে পিএটি নেতা তাহির উল কাদরি ঘোষণা দেন, ‘সরকারের সঙ্গে সব ধরনের আলোচনা থেকে আমরা সরে এসেছি। কারণ, সরকার রাজধানীসহ সারা দেশে আমার দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা শুরু করেছে।’ তিন সপ্তাহ ধরে কনস্টিটিউশন অ্যাভিনিউতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পিএটি কর্মী-সমর্থকেরা।
পিএটির গণমাধ্যম সমন্বয়কারী গুলাম আলী ডন নিউজকে বলেন, ‘নেতা-কর্মীদের ধরপাকড় শুরু করার কারণে আমরা সরকারের সঙ্গে আলোচনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সরকার দ্বিমুখী অবস্থান নিয়েছে।’
পিএটির সহযোগী দল মজলিস-ই-ওয়াহদাতুল মুসলিমিন দলের নেতা আসাদ আব্বাস নাকভিকে গ্রেপ্তারের পর দলটিও সরকারের সঙ্গে আলোচনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে।
গত নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ দাবিতে এক মাস ধরে আন্দোলন করছে পিটিআই ও পিএটিসহ কয়েকটি রাজনৈতিক দল।