আল-কায়েদার 'করাচি প্রধান' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার সম্প্রতি প্রতিষ্ঠিত দক্ষিণ-এশীয় শাখার এক গুরুত্বপূর্ণ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কর্তৃপক্ষ। পুলিশ গতকাল শুক্রবার জানিয়েছে ওই আল-কায়েদা নেতার নাম শহীদ উসমান (৩৫)। খবর রয়টার্সের।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচি থেকে গত বৃহস্পতিবার শহীদ উসমান ও আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এ সময় অস্ত্র ও ১০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে বলে জানিয়েছে।
প্রতিষ্ঠার ঘোষণার মাত্র কয়েক দিনের মাথায় গত সেপ্টেম্বর মাসে পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে আল-কায়েদার দক্ষিণ এশিয়া শাখার জঙ্গিরা।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শহীদ উসমান আল-কায়েদা ইন্ডিয়ার (একিউআই) করাচিপ্রধান। সংগঠনটির ভারত শাখার প্রধান আসিম ওমর।
পুলিশ বলেছে, উসমান আগে নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ-আল ইসলামীর সঙ্গে জড়িত ছিলেন।