আয়েশাকে বিয়ের প্রস্তাবও দেন ইমরান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান ও আয়েশা গুলালাই। ফাইল ছবি
ইমরান খান ও আয়েশা গুলালাই। ফাইল ছবি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ তুললেন আয়েশা গুলালাই। ডননিউজের ‘দুসরা রুখ’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি ফের এই অভিযোগ তোলেন। গতকাল শনিবার অনুষ্ঠানটি প্রচারিত হয়।

আয়েশা গুলালাই পিটিআইয়ের নেত্রী ছিলেন। দলে নারী সদস্যরা যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ তুলে গত মঙ্গলবার তিনি দল ছাড়েন। এরপরই অবশ্য যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ইমরান। যদিও অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

আয়েশা গুলালাই অভিযোগ করেন, দলের প্রধান ইমরান খান তাঁকে অশোভন খুদে বার্তা পাঠাতেন। এই খুদে বার্তা তিনি তাঁর বাবা ও ভাইকে দেখিয়েছেন। তাঁরা ইমরানের খানের মুখোমুখি হন।

আয়েশা বলেন, ‘আমার বাবা একজন অধ্যাপক, তিনি খুবই ভদ্রভাবে এ নিয়ে আলোচনা শুরু করেছিলেন। কিন্তু ইমরান খান তাঁর ভুল অস্বীকার করেন। আলোচনার মোড় ঘুরিয়ে দিতে চাইলেন।’ তিনি বলেন, ‘এ আলোচনার পরও ইমরানের খুদে বার্তা আসতে থাকে। তাই আমি রাজনীতি ছেড়ে দিয়ে পর্দার আড়ালে চলে যাই।’

সাক্ষাৎকারে খুদে বার্তায় কী থাকত জানতে চাইলে এ বিষয়ে আয়েশা বিস্তারিত বলতে চাননি। শুধু বলেছেন, ইমরান তাঁকে অনুচিত ও অশোভন খুদে বার্তা পাঠিয়েছেন। শুরুতে শুধু খুদে বার্তা পাঠালেও পরে বিয়ের প্রস্তাব দেন। খুদে বার্তার জবাব দিতেন কি না, জানতে চাইলে আয়েশা বলেন, তিনি শুরুতে খুবই বিনয়ের সঙ্গে জবাব দিয়েছেন। একপর্যায়ে রাগও প্রকাশ করেছেন, কড়া ভাষায় কথা বলেছেন। তিনি বলেন, ‘শেষ কথা হলো, এই পুরো সময়টা আমি ও আমার পরিবার মানসিক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি। আর এ কারণেই আমি দল ছেড়েছি।’

অন্য এক প্রশ্নের জবাবে আয়েশা বলেন, ইমরান তাঁকে সরাসরি বিয়ের প্রস্তাব দেননি কিন্তু ‘খুদে বার্তায় এ প্রচ্ছন্নভাবে এ নিয়ে কথা বলেছেন।’

নিজের সিদ্ধান্তের বিষয়টি জনগণের সামনে প্রকাশ করা প্রসঙ্গে আয়েশা বলেন, ‘আমি পাকিস্তানি নারীদের স্বার্থে কথাগুলো বলেছি। আমি কোনো ভুল করিনি।’

দল ছাড়ার কারণ বলতে গিয়ে আয়েশা বলেন, এসব খুদে বার্তা পাওয়ার পর তিনি সাধারণত দলীয় বৈঠক ও ইমরান খানকে এড়িয়ে যেতেন। এ ছাড়াও দলের প্রতি নানা ক্ষোভ ছিল তাঁর।