ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে: পাকিস্তানের সেনাপ্রধান
প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ঘিরে পাকিস্তানের রাজনীতিতে অস্থিরতা চলছে। ইমরান খানকে গদি ছাড়তে হবে কি না, তা হয়তো আগামীকালই পার্লামেন্টে ভোটাভুটিতে জানা যাবে। এর মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেয়। তখন রাশিয়ার বিরুদ্ধে কোনো কথা বলেননি পাকিস্তানের প্রধামন্ত্রী ইমরান খান। জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে তোলা প্রস্তাবেও ভোটদানে বিরত ছিল পাকিস্তান। এর আগে হামলা শুরুর দিনই মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ইমরান খান।
এরপর পাকিস্তানে সরকার পতনের যে তৎপরতা শুরু হয়েছে, সে জন্য দৃশ্যত যুক্তরাষ্ট্রকেই দায়ী করছেন ইমরান খান। সেই সময়ে রাশিয়ার বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী প্রধানের বক্তব্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা শিবিরের দিকেই তাঁর ঝুঁকে পড়ার ইঙ্গিত দিচ্ছে।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যমে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসলামাবাদ নিরাপত্তা সংলাপে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ছাড়াও আফগানিস্তান ও কাশ্মীর পরিস্থিতি, সম্প্রতি ‘ভুল করে’ পাকিস্তানের দিকে ভারতের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদের দ্বিপক্ষীয় সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেছেন। দেশের রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে তাঁর এসব মন্তব্য নিয়ে আলোচনা চলছে।
‘আগ্রাসন ক্ষমার অযোগ্য’
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, ‘নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার পরও ছোট একটি দেশের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন ক্ষমা করা যায় না।’ তিনি আরও বলেন, পাকিস্তান যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে শান্তি ফেরানোর লক্ষ্যে একটি টেকসই উপায় খুঁজতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত আলোচনা এগিয়ে নেওয়ার পক্ষে ইসলামাবাদ।
পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ছোট দেশগুলোকে আশার বার্তা দিয়েছে যে চাইলে তারাও তাদের সীমিত সক্ষমতা নিয়ে বড় ও আধুনিক কোনো সমরশক্তির বিরুদ্ধে লড়তে পারে। আগ্রাসন রুখে দিতে পারে।
জেনারেল বাজওয়ার মতে, ইউক্রেনের স্বাধীনতার পর থেকে দেশটির সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে উষ্ণ সম্পর্ক রয়েছে। সেখানে মস্কোর সঙ্গে বিভিন্ন কারণে ইসলামাবাদের দ্বিপক্ষীয় সম্পর্ক বেশ শীতল। তবে সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের এই শীতলতা কাটতে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কৌশলগত সম্পর্ক’
পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘সুদীর্ঘ ও কৌশলগত’ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়া। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান কোনো পরাশক্তির বলয়ে থাকার বিষয়টি বিশ্বাস করে না। একই সঙ্গে অংশীদারদের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হয় না।’
জেনারেল বাজওয়া আরও বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের অত্যন্ত ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক রয়েছে। চায়না পাকিস্তান ইকোনমিক করিডর (সিপিআইসি) এর উদাহরণ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও চমৎকার কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়া হচ্ছে। পাকিস্তানের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। চীন ও যুক্তরাষ্ট্র—দুই দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী পাকিস্তান। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, উপসাগরীয় অঞ্চল, জাপান এবং দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়াও গুরুত্বপূর্ণ।
ভারতীয় ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বেগ
গত ৯ মার্চ ভারত থেকে পাকিস্তানের দিকে একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পরে ভারতীয় কর্তৃপক্ষ জানায়, ‘ভুলবশত’ এ ঘটনা ঘটেছে। নিরাপত্তা সংলাপে দেওয়া বক্তব্যে এ বিষয়ে ‘গভীর উদ্বেগ’ জানান জেনারেল বাজওয়া। তিনি বলেন, ‘আমরা আশা করছি, ভারত বিষয়টি নিয়ে পাকিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যথাযথ প্রমাণ উপস্থাপন করবে।’
ইতিহাসে এবারই প্রথম কোনো পারমাণবিক শক্তিধর দেশের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র অপর একটি পারমাণবিক শক্তিধর দেশের ভূমিতে পড়েছে, এমন মন্তব্য করে জেনারেল বাজওয়া বলেন, ‘তাই বিষয়টি নিয়ে পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন। উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্রের ব্যবস্থাপনা নিয়ে ভারত কতটা সক্ষম, এটা নিয়েও আমাদের উদ্বেগ রয়েছে।’
পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা গত ১০ মার্চ এক বিবৃতিতে প্রথম জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর পরদিন একে ‘দুর্ঘটনা’ বলে বিবৃতি প্রকাশ করে ভারত। যদিও এতে প্রাণহানি ঘটেনি, তবে ভারতকে এ ঘটনার যথাযথ প্রমাণ দিতে বলেছে পাকিস্তান।
কাশ্মীর সমস্যার সমাধান আলোচনায়
জেনারেল বাজওয়া বলেছেন, কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমে হতে পারে বলে মনে করে পাকিস্তান। এ বিষয়ে আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত। যদি ভারত রাজি হয়, তবে বিষয়টি নিয়ে অগ্রসর হওয়া যেতে পারে।
গত বছরও ইসলামাবাদ নিরাপত্তা সংলাপে জেনারেল বাজওয়া কাশ্মীর নিয়ে সমস্যার সমাধানে ‘অতীত ভুলে আলোচনা এগিয়ে নেওয়ার’ ওপর গুরুত্বারোপ করেছিলেন। এবারের বক্তব্যে তিনি জানান, আলোচনার মাধ্যমে চীনের সঙ্গেও সীমান্ত বিরোধ নিরসন করবে ভারত, এমনটাই প্রত্যাশা তাঁর।
আফগানিস্তান পরিস্থিতি
আফগানিস্তানের সংকটকে একটি আঞ্চলিক সমস্যা উল্লেখ করে জেনারেল বাজওয়া বলেন, ‘তাই আঞ্চলিক উন্নয়ন ও সমদ্ধি এখানে টেকসই শান্তি ও স্থিতিশীলতার পূর্বশর্ত হতে পারে। এ কারণে সংকটের সময় প্রতিবেশী দেশটির জন্য আমরা আমাদের দরজা খুলে রেখেছি।’
আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাবে বলে মন্তব্য করেন জেনারেল বাজওয়া। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘নিষেধাজ্ঞা দিলে কিংবা অর্থের প্রবাহে বাধা সৃষ্টি করলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে চরম মানবিক সংকট তৈরি হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষত পশ্চিমা দেশগুলোকে ইউক্রেন যুদ্ধের ডামাডোলে আফগানিস্তানের ৪ কোটি অসহায় মানুষের কথা ভুলে গেলে চলবে না।’
যা ঘটছে পাকিস্তানে
ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, তিনি পাকিস্তানকে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কিছু সদস্য দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। গত বুধবার প্রধান জোট শরিক মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) বিরোধী জোটের সঙ্গে হাত মেলায়। এর ফলে ইমরান খানের পিটিআই জোট সরকার পাকিস্তানের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে দাবি করা হচ্ছে। তোলা হয়েছে অনাস্থা প্রস্তাব।
তবে ইমরান খানের অভিযোগ, বিদেশি রাষ্ট্রের সাহায্যে বিরোধীরা তাঁকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। এমনকি তাঁকে হত্যার চেষ্টা চলছে বলে দাবি করছেন তিনি। গত শুক্রবার ইসলামাবাদ নিরাপত্তা সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে রাশিয়া সফরে যাওয়ায় একটি ক্ষমতাধর দেশ ক্ষুব্ধ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলেছে, ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর প্রক্রিয়ায় ওয়াশিংটন যুক্ত নয়।
যা ঘটতে পারে
গত শুক্রবারের বক্তব্যে ইমরান খান সরাসরি বলেছেন, তাঁকে তিনটি উপায়ের মধ্যে একটি বেছে নিতে বলেছে ‘এস্টাবলিশমেন্ট’। এগুলো হলো অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া, পদত্যাগ করা অথবা আগাম নির্বাচন দেওয়া। পাকিস্তানের ‘এস্টাবলিশমেন্ট’ মূলত দেশটির ক্ষমতাধর সেনাবাহিনী।
পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি রোববারই হতে পারে। ৩৪২ সদস্যের পাকিস্তান জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১৭২ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। কিন্তু প্রধান শরিক ও দলীয় বিদ্রোহীদের হারিয়ে ইমরান সরকারের পক্ষের সমর্থন অনেক কমে গেছে। পিটিআই সরকারের ওপর ১৪২ সদস্যের সমর্থন রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। বিপরীতে বিরোধীদের পক্ষে রয়েছেন ১৯৯ জন এমএনএ। যদি ইমরান খান ক্ষমতাচ্যুত হন, তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হবেন, দেশটিতে ইতিমধ্যে সে জল্পনাও শুরু হয়ে গেছে। পাকিস্তানে এখন পর্যন্ত কোনো বেসামরিক সরকারপ্রধান পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি।