ইউটার্ন: অনাস্থা ভোটে দলের আইনপ্রণেতাদের অংশ নিতে বললেন ইমরান
বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতাদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। আগের সিদ্ধান্ত থেকে সরে এসে আজ রোববারের ভোটাভুটিতে তাঁদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে নিজ দলের কিছু সদস্য অনাস্থার পক্ষে ভোট দিতে পারেন, এমন আশঙ্কায় দলীয় আইনপ্রণেতাদের ভোটের দিন জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান থেকে বিরত থাকতে বলেছিলেন ইমরান খান। খবর ডনের।
অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে জাতীয় পরিষদের অধিবেশনে ইমরান খান নিজেও অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। বিতর্কে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে সোচ্চার অবস্থান নিতে তিনি দলীয় আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছেন।
ডনের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, দলীয় আইনপ্রণেতাদের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের রোববারের অধিবেশনে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে ইতিপূর্বে পাঠানো চিঠি প্রত্যাহার করে নিয়েছেন প্রধানমন্ত্রী। অধিবেশনে তিনি নিজেই পিটিআই আইনপ্রণেতাদের নেতৃত্ব দেবেন।
তথ্যমন্ত্রী দাবি করেন, গতকাল শনিবার প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে দলের প্রায় ১৪০ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন। জাতীয় পরিষদের অধিবেশনে পূর্ণাঙ্গ একটি বিতর্কে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার ও বিরোধীদলীয় সদস্যদের মতামত প্রকাশের সুযোগ দেওয়া হবে।
এদিকে জাতীয় পরিষদে অনাস্থা ভোটের প্রাক্কালে সমর্থকদের, বিশেষ করে তরুণদের ‘শান্তপূর্ণ বিক্ষোভ’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর সরকারকে উৎখাতে ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক ষড়যন্ত্রের’ বিরুদ্ধে এ বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি।
রোববারের অধিবেশন ঘিরে বিরোধীদলীয় ও পিটিআইয়ের প্রায় দুই ডজন আইনপ্রণেতার পার্লামেন্ট ভবনে প্রবেশ ঠেকাতে সরকার একটি কৌশল নিয়েছে, এমন খবরে রাজনৈতিক পরিমণ্ডলে কানাঘুষা চলছে। বর্তমানে সিন্ধু হাউস ও ম্যারিয়ট হোটেলে এই আইনপ্রণেতারা অবস্থান করছেন। বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশে তাঁদের বাধা দিতে পারেন।
অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ডি-চৌক ও পার্লামেন্ট ভবনের মূল ফটকের সামনে বিক্ষোভকারীদের জমায়েত করার পরিকল্পনা করেছে ক্ষমতাসীন দল। যদিও কড়া নিরাপত্তাবেষ্টিত রেড জোনে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।
কিছু নিউজ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, অধিবেশন দীর্ঘায়িত করার পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন দল। দীর্ঘ বক্তব্য দিয়ে তারা যত দূর সম্ভব অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি বিলম্বিত করতে পারেন। এভাবে তারা বিরোধীদের ধৈর্যের পরীক্ষাও নিতে পারেন। একই সঙ্গে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে বিরোধীদের প্রতিবাদে উসকানি দিতে পারেন, যাতে এমন পরিস্থিতি তৈরি হয়, স্পিকার অধিবেশন স্থগিত করতে বাধ্য হন।
তবে তথ্যমন্ত্রী এ ধরনের খবর নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়া মেনে পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে। পিটিআই-সমর্থকেরা ‘রক্তপাত’ চায়, বিরোধী গণমাধ্যমগুলোর এমন অপপ্রচারে এক টুইটে বিস্ময় প্রকাশ করেন ফাওয়াদ চৌধুরী। তিনি বলেন, পিটিআই মধ্যবিত্ত জনগণের একটি দল এবং এখানে সহিংসতার কোনো সুযোগ নেই। সভ্য জাতির প্রতিবাদ সভ্যভাবেই হবে।
অন্যদিকে বিরোধী দলের একজন জ্যেষ্ঠ সদস্য ডনকে বলেছেন, তাঁরা ইতিমধ্যে ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ নিয়েছেন। গুরুত্বপূর্ণ এদিনে তাঁরা সংবিধান মেনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন। তাঁদের সব আইনপ্রণেতা ‘পার্লামেন্ট ভবনের খুব কাছে’ রেড জোনে অবস্থান করছেন।
বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আজ জাতীয় পরিষদে ভোটাভুটি হতে পারে। অনাস্থা প্রস্তাব পাসে ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে ১৭২ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। জিও নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিরোধীদের পক্ষে রয়েছেন ১৯৯ জন আইনপ্রণেতা।