ইন্টারনেটের বিপুল তথ্য হাত করতে চাইছে পাকিস্তান
সারা বিশ্বের ইন্টারনেটের বিপুল তথ্য হস্তগত করার কৌশল খুঁজছে পাকিস্তানের গোয়েন্দারা। এ কাজে সফল হলে দেশটির ডিজিটাল গোয়েন্দাগিরির সক্ষমতা আরও বাড়বে। খবর এএফপির।
প্রাইভেসি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ গোয়েন্দাগিরির জন্য পশ্চিমা এবং চীনা প্রতিষ্ঠান থেকে গোয়েন্দা উপকরণ সংগ্রহে মধ্যবর্তী বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের বন্দরনগর করাচি দিয়ে যাওয়া সাবমেরিন কেবলের চারটি ল্যান্ডিং স্টেশনের তিনটি থেকে তথ্য হস্তগত করার চেষ্টা করছে আইএসআই। তারা এটি করতে সক্ষম হলে ইন্টারনেট বিশ্বের বিপুল তথ্য তাদের হাতে পৌঁছাবে। এ জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সরঞ্জাম কিনতে ২০১৩ সালে ইউরোপীয় বিভিন্ন কোম্পানির সঙ্গে পাকিস্তানের আলোচনা হয়। কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়েছিল কি না, তা নিশ্চিত নয়।
প্রাইভেসি ইন্টারন্যাশনালের পরামর্শক ম্যাথিউ রাইস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘করাচির কাছ দিয়ে যাওয়া সাবমেরিন কেবলের মাধ্যমে বিভিন্ন দেশ ও অঞ্চলের তথ্য যাওয়া-আসা করে। ইউরোপ থেকে আফ্রিকা এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার অনেক দেশের তথ্যের পথ ওইটি।