মামলার মুখে ইমরান-কাদরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান ও তাহির উল কাদরি
ইমরান খান ও তাহির উল কাদরি

মামলার মুখে পড়তে যাচ্ছেন পাকিস্তানের পিটিআই-প্রধান ইমরান খান ও পিএটি-প্রধান তাহিরুল কাদরি। তাঁদের বিরুদ্ধে পার্লামেন্ট ভবনে হামলা, ভাঙচুর ও সন্ত্রাসী তত্পরতা চালানোর অভিযোগ আনা হতে পারে। 

পাকিস্তানের জিয়ো টিভি এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জিয়ো টিভি জানায়, ১৪৪ ধারায় ইমরান খানের বিরুদ্ধে এফআইআর করা হতে পারে। এ ছাড়া পুলিশের ওপর পাথর ছুড়ে হামলা ও পার্লামেন্টের পবিত্রতা ভঙ্গ করার অভিযোগে অন্যান্য ধারায় মামলা করা হবে।

তবে ইমরান খান সব অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, তাঁর দলের কর্মীরা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

এদিকে, পিএটির নেতা তাহিরুল কাদরি নিজ দলের কর্মী ও সমর্থকদের পাকিস্তান সেনাবাহিনীর বেঁধে দেওয়া সীমানার মধ্যে থাকতে অনুরোধ জানিয়েছেন।

কাদরি তাঁর দলের কর্মীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে এবং রাষ্ট্রীয় কোনো ভবন অবরোধ না করার আহ্বান জানান।

আজ সকালে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার কেন্দ্র পিটিভির কার্যালয় ঘেরাও করে সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় সম্পত্তি ও ট্রান্সমিশন যন্ত্রপাতি ভাঙচুর করে। এর পরপরই কাদরি এ আহ্বান জানান।

কাদরি তাঁর দলের কর্মীদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর বাসভবন অথবা অন্য কোনো সরকারি ভবনে প্রবেশ থেকে বিরত থাকতে নির্দেশ দেন। তিনি আরও বলেন, ইতিমধ্যে তাঁরা তাঁদের লক্ষ্যে পৌঁছে গেছেন।