ইমরান-কাদরিকে কাল পর্যন্ত সময় দিলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান ও তাহিরুল কাদরি
ইমরান খান ও তাহিরুল কাদরি

পাকিস্তানের চলমান সংকট কাটানোর ক্ষেত্রে ইমরান খানের দল পিটিআই ও তাহিরুল কাদরির দল পিএটি কী ভূমিকা রাখতে পারে, তা জানাতে সুপ্রিম কোর্ট তাঁদের আগামীকাল মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

আজ সোমবার জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল ও ইসলামাবাদে আন্দোলন করে অচলাবস্থা সৃষ্টির বিরুদ্ধে এক রিট আবেদনের শুনানিকালে সর্বোচ্চ আদালত পিটিআই ও পিএটিকে এই সময়সীমা বেঁধে দেন।

এর আগে পিটিআইয়ের আইনজীবী আহমেদ ওয়াইসের কাছে প্রধান বিচারপতি নাসির উল-মূলক জানতে চান, দেশের এই সংকটাপন্ন অবস্থার অবসানে পিটিআই কোনো ভূমিকা রাখতে পারে কি না?

আহমেদ ওয়াইস জবাবে বলেন, তাত্ক্ষণিকভাবে তিনি এর জবাব দিতে পারছেন না। এরপর আদালত এক ঘণ্টার জন্য মুলতবি করা হয়।

পরে বিচারক সাকিব নাসির বলেছেন, রাজনৈতিক ন্যায়বিচারের জন্য সর্বোচ্চ আদালত একমাত্র ফোরাম। তিনি বলেন, এর মধ্যে আদালতে সাতটি আবেদন জমা পড়েছে এবং সবগুলোর বিষয়েই আদালত সজাগ রয়েছে।

বিচারক নাসির আরও বলেন, সংবিধান ও দেশ ঝুঁকির মধ্যে রয়েছে। পিটিআইর আইনজীবীকে তিনি জিজ্ঞাসা করেন, দলের নেতাদের কাছ থেকে তিনি এ বিষয়ে তাঁদের পরামর্শ জেনে আসতে পারেন কি না। আদালত বলেন, সংকট সমাধান না হওয়া পর্যন্ত শুনানি চালিয়ে যাওয়া হবে।

আদালত আইনজীবীদের আগামীকাল পর্যন্ত সময় দেন। এই সংকট সমাধানে

সম্ভাব্য ভূমিকা নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করতেই এই সময় দেওয়া।

প্রধান বিচারপতি বলেন,  আদালত এই সংকট সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে বলে গণমাধ্যমে যা প্রচার করা হচ্ছে, তা মিথ্যা। তিনি বলেন, আদালতের সামনে যেসব মামলা উত্থাপন করা হয় আদালত শুধু সেসব বিষয়ে সিদ্ধান্ত নেন।