পাকিস্তান অচল করে দেওয়ার হুমকি দিলেন ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাঁর দল বড় বড় শহর অচল করে দেওয়ার পরিকল্পনা করছে। এরপর ১৬ ডিসেম্বরের মধ্যে চূড়ান্তভাবে গোটা দেশই অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
গতকাল রোববার রাজধানী ইসলামাবাদে পার্লামেন্টের অদূরে সরকারবিরোধী ‘আজাদি মার্চে’ এসব কথা বলেন ইমরান। তিনি তাঁর প্ল্যান ‘সি’ ফাঁস করে বলেন, ‘আমি ৪ ডিসেম্বর লাহোরে গিয়ে এটি অচল করে দেব। ৮ ডিসেম্বর অচল করে দেব ফয়সালাবাদ। ১২ ডিসেম্বর অচল করব করাচি। আর ১৬ ডিসেম্বরের মধ্যে অচল করে দেওয়া হবে গোটা পাকিস্তানই।’ খবর ডনের।
গতকাল সারা দেশে জামায়াত উলেমা-ই-ইসলামের ডাকা হরতালের কারণে ইমরানের মার্চে অংশ নিতে সমর্থকদের দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া নিরাপত্তা বাহিনীও অনেককে বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। তবে রাজধানীর সড়কগুলোয় ইমরান-সমর্থকদের কোনো বাধার মুখে পড়তে হয়নি। কিন্তু পার্লামেন্ট ভবনের চারপাশে ছিল অতিরিক্ত পুলিশ মোতায়েন।
গত শনিবার সরকারি গোয়েন্দা সংস্থা বলেছিল, পিটিআইয়ের সমাবেশে আত্মঘাতী বোমা হামলার আশঙ্কা রয়েছে। তবে এ হুঁশিয়ারি উপেক্ষা করে ইমরানের সমর্থকেরা দল বেঁধে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে সমবেত হয়। বিকেলের দিকেই তাদের সংখ্যা কয়েক হাজারে পৌঁছায়।
এর আগে ইমরান খান তাঁর সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, এবারের আন্দোলনের মুখে নওয়াজ শরিফ সরকারের টিকে থাকা দায় হবে। এটাই চূড়ান্ত আন্দোলন। পরে বেসরকারি এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান অবশ্য বলেন, তিনি সরকারের সঙ্গে আলোচনায় বসতেও প্রস্তুত আছেন।
২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে গত আগস্টে রাজধানীমুখে সরকারবিরোধী ‘আজাদি মার্চ’ করে পিটিআই। ইসলামাবাদের গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘ অবস্থান কর্মসূচি পালন করে দলটি। আধ্যাত্মিক নেতা তাহির উল কাদরির দল পিএটিও আলাদাভাবে মার্চ ও অবস্থান পালন করে।