ইমরান খানের গাড়িবহরে গুলি

পাকিস্তানের গুজরানওয়ালা শহরে আজ শুক্রবার সাবেক ক্রিকেট তারকা ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের গাড়িবহরে গুলি ছোড়া হয়েছে। তবে ইমরান খান অক্ষত রয়েছেন বলে তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডন, এনডিটিভি, বিবিসির অনলাইন ও রয়টার্সের খবরে জানানো হয়, সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গতকাল ইমরান খান দলের লোকজন নিয়ে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রোড মার্চ শুরু করেন। আজ তাঁদের গাড়িবহর গুজরানওয়ালা শহরের ভেতর দিয়ে যাওয়ার সময় একদল লোক তাঁদের গাড়িবহর লক্ষ্য করে জুতা ও পাথর ছুড়ে মারে। এ সময় গুলি ছোড়ার ঘটনা ঘটে। সরকারের সমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইমরান খানের মুখপাত্র আনিলা খান গণমাধ্যমকে জানান, হামলায় ইমরান খান আহত হননি। তবে তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দেখেও পুলিশ নিশ্চুপ ছিল।
এ ঘটনার পর গুজরানওয়ালা শহরে ইমরান খানের সমর্থক ও সরকার সমর্থক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে আলাদাভাবে ইসলামাবাদ অভিমুখে রোড মার্চ করছেন ইমরান খান ও দেশটির ধর্মীয় নেতা তহিরুল কাদরি। রাজধানীতে পৌঁছানোর পর তাঁদের প্রধান প্রধান সড়ক অবরোধের কথা। নওয়াজ শরিফ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন দুই নেতা।