ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আদালত অবমাননার মামলায় হাজিরা দিতে বারবার ব্যর্থ হওয়ায় পাকিস্তান নির্বাচন কমিশন (ইপিসি) গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে।
ইমরান খানের বিরুদ্ধে মামলাটি করেছিলেন তাঁর নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা সদস্য ভিন্নমতাবলম্বী নেতা আকবর এস বাবর। এই মামলার শুনানিকালে ইপিসি এই পরোয়ানা জারি করে ইমরান খানকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেন। এ সময় ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান আদালতকে জানান, ইমরান খান বিদেশে ছিলেন। তিনি মাত্র এক ঘণ্টা আগে দেশে ফিরেছেন। আইনজীবী বলেন, ইমরান খান আদালতের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তিনি আদালতে আসবেন।
আইনজীবীর বক্তব্যের পর নির্বাচন কমিশন ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেন। আদালত বলেন, তিনি ২৫ সেপ্টেম্বর আদালতে হাজিরা না দেওয়া পর্যন্ত এক লাখ রুপি জামানত হিসেবে জমা দিতে হবে।