‘ইমরান খানের ভয়ে সব চোর এক হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান

অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে ‘দুর্ভাগ্যজনক’ বলছে ইমরান সরকার। তাদের দাবি, অনাস্থা ভোট গ্রহণে আদালতের আদেশে ইমরান খানের ‘অভিযোগেরই জয় হয়েছে’। দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতারও আশঙ্কা করছে তারা। খবর জিয়ো নিউজের।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ফররুখ হাবিব বলেছেন, ইমরান খানের ভয়ে সব ‘চোর’ এক হয়েছে। তিনি আরও বলেন, ইমরান খানের দাবিরই জয় হয়েছে। আগামী নির্বাচনে বিরোধী দলগুলো টের পাবে, যারা বিদেশি ষড়যন্ত্রকে সমর্থন করেছে, জনগণ তাদের কীভাবে জবাব দেয়।

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ৩ এপ্রিল খারিজ হয়ে যাওয়া অনাস্থা প্রস্তাবের ওপর আগামীকাল শনিবার ভোট হবে। টানা পাঁচ দিনের দীর্ঘ শুনানি শেষে সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার পার্লামেন্ট পুনর্বহাল ও বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণের আদেশ দিয়ে রায় দেন।

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইমরান খান বলে আসছেন, বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব ‘বিদেশি ষড়যন্ত্রের’ অংশ। অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে পরিণতি ভোগ করতে হবে বলে এক ‘চিঠিতে হুমকি দেওয়া হয়েছে’।

সুপ্রিম কোর্টের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তথ্য ও আইনমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সরকার পরিবর্তন পাকিস্তানকে আবারও ২৩ মার্চ ১৯৪০ থেকে সংগ্রাম শুরুর দিকে ঠেলে দেবে। তিনি বিরোধী দলের অধীন দেশ শাসনের চিত্র তুলে ধরার চেষ্টা করেন।

ফাওয়াদ চৌধুরী বলেন, ‘আমাদের আবারও স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করতে হবে। বিরোধীরা পাকিস্তানকে দাসত্বের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা তাদের সফল হতে দেব না।’ আদালতের আদেশ একপক্ষীয় কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ে ‘বেশ কিছু অসংগতি’ রয়েছে।
আদালতের রায় প্রসঙ্গে এক টুইটে তথ্য ও আইনমন্ত্রী বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে এ সিদ্ধান্ত দেশকে এখন আরও রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। আগাম নির্বাচন অনুষ্ঠান স্থিতিশীলতা আনতে পারত।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক যোগাযোগ-বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিল বলেছেন, ‘আমাদের পূর্বপুরুষেরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন এবং ১৯৪৭ সালে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে ওয়াঘা সীমান্ত পার হয়ে এসেছেন।’ তিনি আরও বলেন, ‘তাঁরা হয়তো জানতেন না, আমরা যুক্তরাজ্যের পরিবর্তে যুক্তরাষ্ট্রের দাসত্ব করব। পাকিস্তান ১৯৪৭ সালের অবস্থায় ফিরে যেতে পারে।’

পাকিস্তানের বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ ও বিরোধী জোটের শরিক পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের উদ্দেশে অর্থমন্ত্রী ওমর আইয়ুব বলেছেন, ‘চাইলে আপনারা চালিয়ে যেতে পারেন। কিন্তু যখন নির্বাচন হবে, আপনারা পাকিস্তানের জনগণ থেকে পালিয়ে বাঁচতে পারবেন না, যা-ই হোক না কেন।’

বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ৩ এপ্রিল খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। এরপরই প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট। অনাস্থা প্রস্তাব খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণে বৃহস্পতিবার রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। এ রায়ে ‘গণতন্ত্রের বিজয়’ হয়েছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিরোধী দলগুলো।

আরও পড়ুন