ইমরান খানের সরকার উৎখাতে এককাট্টা বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিপিপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক শাজিয়া মারি এবং পিএমএল-এনের তথ্যবিষয়ক সম্পাদক মরিয়ম আওরঙ্গজেব
ছবি: টুইটার

তিন বছর আগে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর ‘চোর মন্ত্রে’ অটল রয়েছেন। এমন অভিযোগ তুলে তাঁকে কটাক্ষ করেছেন পাকিস্তানের বিরোধী নেতারা। তাঁদের দাবি, পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলার যে পরিকল্পনা চলছে, সেটা তাঁকে উদ্বিগ্ন করে তুলেছে। খবর ডন অনলাইনের
প্রধান দুই বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) রাজধানী ইসলামাবাদে সরকারবিরোধী মিছিল এবং ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে দেশটির পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলার পরিকল্পনা করছে। দল দুটির দাবি, এ নিয়ে ব্যাপক চাপে রয়েছেন ইমরান খান।

বিরোধীরা যখন এমন অভিযোগ তোলেন, তখন পাঞ্জাবের ফয়সালাবাদে এক বক্তৃতায় শরিফ ও জারদারি পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন ইমরান খান। তিনি বলেন, নিজেদের দুর্নীতির মামলাগুলোয় কারাদণ্ড এড়াতে শরিফ ও জারদারি পরিবার মরিয়া হয়ে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছে।

গতকাল বুধবার পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণের ওপর বক্তৃতা করেন পিএমএল-এনের তথ্যবিষয়ক সম্পাদক মরিয়ম আওরঙ্গজেব। ওই বক্তৃতায় তিনি বলেন, ফয়সালাবাদে প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ তাঁর বিরুদ্ধে পার্লামেন্টে উঠতে যাওয়া অনাস্থা প্রস্তাবে পরাজয়ের প্রকাশ্য স্বীকারোক্তি।

পিএমএল-এনের মুখপাত্র ও পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী মরিয়ম দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আরও বলেন, তাঁরা শিগগিরই ইমরান খানের নেতৃত্বাধীন ধ্বংসাত্মক পিটিআই সরকার উৎখাত করে তাদের রক্ষা করবে। কারণ, পার্লামেন্টে ওঠার আগেই ইমরান খান অনাস্থা প্রস্তাবে পরাজয় মেনে নিয়েছেন।

মরিয়ম আওরঙ্গজেব বলেন, তাঁকে উৎখাতের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে ইমরান খানের ঐতিহাসিক অযোগ্যতা, দুর্নীতি ও লুটপাট থেকে রক্ষা করবে।

পিপিপির মুখপাত্র এবং দলটির কেন্দ্রীয় তথ্য সম্পাদক শাজিয়া মারি পার্লামেন্টে বলেন, ইমরান খানের বিদায় আসন্ন। বিদায় নেওয়ার আগে তিনি বিভিন্ন দেশে বিদায়ী সফর করছেন। সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে যাঁরা প্রচারণা চালিয়েছিলেন, তাঁরা অপমানিত হবেন এবং বিব্রতকর অবস্থায় পড়বেন।

শাজিয়া মারি আরও বলেন, ইমরানের অর্থনৈতিক প্রবৃদ্ধির রহস্য হলো দাতব্য ও ভিক্ষার তহবিল আত্মসাৎ। তিনি বড় বড় চুরি ও মেগা দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িত।