ইমরান বিক্ষোভ নয়, বিদ্রোহ করছেন: নিসার
পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতায় হামলা ও বিদ্রোহের বিরুদ্ধে পুরো পার্লামেন্ট ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান।
আজ মঙ্গলবার পার্লামেন্টে যৌথ অধিবেশনে মন্ত্রী এসব কথা বলেন। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে নিসার বলেন, দেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই পার্লামেন্ট ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। আর মাত্র কয়েক হাজার মানুষের এই হামলা ও বিদ্রোহের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ।
নিসার বলেন, দেশ নির্বাচিত নেতার দ্বারাই পরিচালিত হচ্ছে। আর এ নিয়ে কারও কোনো সন্দেহ থাকার অবকাশ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আট দিন আগেও সরকারের প্রতি পিটিআইয়ের নেতা ইমরান খানের সমর্থন ছিল। এখন কেন তিনি ঘুরে দাঁড়ালেন? আসলে ইমরান যা করছেন তা বিক্ষোভ বা অবস্থান নয়, প্রকৃতপক্ষে এটি পাকিস্তান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিদ্রোহ।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি ভবনে হামলার বিষয়টি উল্লেখ করে নিসার বলেন, বিক্ষোভকারীরা সিসি ক্যামেরা ভেঙেছে। এমনকি পিটিভি ভবনে হামলার দৃশ্য ধারণ করতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং এক নারী কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাঁর কাছে থাকা মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা বিপ্লবী নয়। তাঁরা অনুপ্রবেশকারী ও সন্ত্রাসী।’ তিনি আরও বলেন, বিক্ষোভকারীরা প্রশিক্ষিত সন্ত্রাসী। তাদের হাতে কুড়াল, লাঠি, কাঁচি, হাতুড়ি ইত্যাদি ছিল। এমনকি তারা গুলিও চালিয়েছে।
মন্ত্রী বলেন, বিক্ষোভকারীদের হামলায় পুলিশের শতাধিক সদস্য আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে এসব হামলাকারীকে শনাক্ত করা হবে বলে জানান তিনি।
পিটিআই থেকে সদ্য বহিষ্কৃত হতাশ নেতা জাবেদ হাশমির দেওয়া বিবৃতি সম্পর্কে মন্তব্য করেননি নিসার। তবে তিনি বলেছেন, ইমরান খান সেনাবাহিনী ও বিচার বিভাগকে টেনেহিঁচড়ে রাজনীতিতে আনতে চাইছেন, যা একটি জঘন্য অপরাধ।
আজকের শুরু হওয়া এই যৌথ অধিবেশন আরও এক সপ্তাহ চলবে। কীভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে আলোচনা হবে।
স্পিকার এন এ আয়াজ সাদিক ও চেয়ারম্যান সিনেট নাইয়ার বুখারি যৌথভাবে অধিবেশন পরিচালনা করেন।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরামর্শে প্রেসিডেন্ট মামনুন হোসাইন পার্লামেন্টে যৌথ অধিবেশন ডাকেন। নওয়াজ নিজেও অধিবেশনে উপস্থিত ছিলেন।