ইমরানকে পার্লামেন্ট থেকে সরতে বললেন হাশমি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে দলের কর্মীদের নিয়ে পার্লামেন্ট ভবন এলাকা থেকে সরে আসতে বলেছেন তাঁরই দলের প্রেসিডেন্ট জাভেদ হাশমি। আজ রোববার সংবাদ ব্রিফিংয়ে ইমরানের প্রতি এ আহ্বান জানান তিনি।
ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দলের প্রধানের সঙ্গে নিজের অবস্থানগত পার্থক্যের বিষয়টি স্পষ্ট করে হাশমি বলেন, ‘ইমরান খান দলকে আশ্বস্ত করেছিলেন, আলোচক শেখ রাহিদ সরকারের সঙ্গে আলোচনা করে কোনো বার্তা নিয়ে না আসা পর্যন্ত তাঁরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোবেন না। কিন্তু এখন ইমরান বলছেন, পরিস্থিতি আমাদের সামনে এগোতে বাধ্য করেছে।’
হাশমি বলেন, ‘ইমরানের সঙ্গে আমি ভিন্ন মত পোষণ করছি।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হওয়ার বিরুদ্ধে দলের অবস্থান।
ধর্মীয় নেতা তাহির-উল-কাদরির দল পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) সঙ্গে তাঁর দলের হাত মেলানোর বিষয়টিতে তিনি খুশি নন বলে জানান হাশমি। কারণ তাঁর আশঙ্কা, এটি সহিংস এই পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে।
অনেকেই সেনাবাহিনীকে এ পরিস্থিতিতে সহায়তাকারী হিসেবে এগিয়ে আসার কথা বললেও হাশমি মনে করেন, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ করা উচিত নয়।