ইমরানের বিরোধিতায় পিপিপি-পিএমএল-এন আঁতাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান। ফাইল ছবি
ইমরান খান। ফাইল ছবি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ যদি কেন্দ্রে সরকার গঠনে সমর্থ হয়, তাহলে প্রধান দুই দল—পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি পার্লামেন্টে যৌথ বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে। দল দুটি ‘সমন্বিত যৌথ কৌশল’ প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানায়, ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনের পর রোববার পিএমএল-এন ও পিপিপির নেতাদের মধ্যে অনুষ্ঠিত প্রথম প্রত্যক্ষ বৈঠকে দল দুটি সহযোগিতার ব্যাপকভিত্তিক সমঝোতার ব্যাপারে একমত হন।

জাতীয় সংসদের সাবেক স্পিকার সরদার আয়াজ সাদিকের বাসভবনে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে পিএমএল-এনের মুশাহিদ হুসাইন সাইয়িদ বলেন, ‘এটি ছিল বরফ গলানো।’

পিএমএল-এন নেতা বলেন, এটি ছিল অত্যন্ত ভালো বৈঠক এবং আপনি একে বলতে পারেন মতবিনিময়। তিনি বলেন, ২৫ জুলাইয়ের নির্বাচন চুরি করা হয়েছে। এ ব্যাপারে উভয় দলই সম্পূর্ণ একমত হয়েছে।

তিনি বলেন, উভয় দলই একমত যে তাদের উচিত ‘নির্বাচনের ফল প্রত্যাখ্যান’ এবং পার্লামেন্টে থেকে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে বেগ দেওয়ার জন্য ‘সমন্বিত যৌথ বিরোধিতার কৌশল’ প্রণয়ন করা।