ইমরানের জীবনের সবচেয়ে বড় ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বাদে পরশু পাকিস্তানের সাধারণ নির্বাচন। এবার ক্ষমতার আসার জোর দাবিদার পিটিআই নেতা সাবেক ক্রিকেটার ইমরান খান। তবে নির্বাচনের এই ডামাডোলের মধ্যে কিছুটা অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে তাঁকে। সাবেক স্ত্রী রেহাম খানের আত্মজীবনী প্রকাশিত হয়েছে দুই সপ্তাহ আগে। তাতে ইমরানের ব্যক্তিগত জীবনের অনেক নেতিবাচক দিক ফাঁস হয়। সে কারণেই কিনা ইমরান বললেন, রেহামকে বিয়ে করাটা ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল।

রেহামের বইটি প্রকাশের আগেই পাণ্ডুলিপির কিছু অংশ অনলাইনে ফাঁস হয়ে যায়। বইটিতে ইমরানকে ভণ্ড, মিথ্যাবাদী, বেরোজদার, এমনকি নামাজও পড়েন না বলে উল্লেখ করেন। অভিযোগ তোলেন, নিজ দলে বড় পদ দেওয়ার লোভ দেখিয়ে নারী কর্মীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন ইমরান।

সম্প্রতি ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, রেহামকে বিয়ে করাটা ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। রেহামের সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয় বিয়ে নিয়েও কথা বলেন তিনি।

তৃতীয় স্ত্রী বুশরা সম্পর্কে ইমরান বলেন, ‘বিয়ের আগ পর্যন্ত আমি তাঁর মুখ ক্ষণিকের জন্যও দেখেনি। আমি তাঁর মুখশ্রী না দেখেই প্রস্তাব দিয়েছি। কারণ সে কোনো দিনও তাঁর পুরো মুখ না ঢেকে আমার সঙ্গে দেখা করেনি।’ ইমরান বলেন, বুশরার বাড়িতে তাঁর অনেক আগের একটা ছবি আমি দেখেছিলাম। সেখান থেকেই আমি আমার মনে তাঁর একটি ছবি এঁকে নিয়েছি। আশির দশকেও যদি কেউ আমাকে বলত, কনের চেহারা না দেখে বিয়ে করেছে, তাহলে আমি মোটেও বিশ্বাস করতাম না। তাঁকে আমার পাগল মনে হতো।’ তিনি বলেন, এখন তিনি নিজেই না দেখে বিয়ে করেছেন। এ নিয়ে তাঁর মধ্যে কোনো ধরনের হতাশা নেই, বরং সুখী।

ইমরানের স্ত্রী একজন সুফি পণ্ডিত। অনেক আগে থেকেই তাঁর (ইমরান) সুফিবাদে আগ্রহ। আর সেই বিষয়টির কারণেই বুশরার প্রতি তাঁর টান জন্মে। এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘৩০ বছর আগে থেকে সুফিবাদে আমার আগ্রহ তৈরি হয়। এটি আমার জীবনে বদলে দিয়েছে। সুফিবাদের বিভিন্ন ধাপ রয়েছে। কিন্তু আমার স্ত্রী হতে পারে এমন কারও দেখা আমি কখনো পাইনি। সেখান থেকে তাঁর প্রতি আমার আগ্রহ জন্মে।’

৬৫ বছর বয়সী এই নেতা বলেন, তিনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন, শারীরিক আকর্ষণের চেয়ে ব্যক্তিত্বের আকর্ষণ অনেক বড়। শরীর হচ্ছে সেলফে রাখা পণ্যের মতো। মেয়াদ শেষ হলেই শেষ। বুশরার মেধা ও চরিত্রকে অত্যন্ত সম্মান করি।

নির্বাচন প্রসঙ্গে স্ত্রীর আগ্রহ নিয়ে প্রশ্নের জবাবে ইমরান বলেন, তিনি নির্বাচনে জয়ী হলেও বুশরা কোনো অনুষ্ঠানে হাজির হবেন না। এ নিয়ে তাঁর তেমন মাথাব্যথা নেই। তিনি খুব কম মানুষের সঙ্গে দেখা করেন। এটা ঠিক আছে। তিনি বলেন, ‘একসময় আমি সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করতাম, বিভিন্ন অনুষ্ঠানে যেতাম। তবে এখন বুশরার সঙ্গে এ জীবন নিয়ে সুখী।’

ইমরান বলেন, ‘জীবনে আমি কয়েকটি ভুল করেছি। এর মধ্যে দ্বিতীয় বিয়েটি ছিল সবচেয়ে বড় ভুল।’