
পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে। এরই মধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশ হতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে এই প্রতিবেদন লেখার সময় পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের (এনএ) ১১৩টি আসনে এগিয়ে ছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
পাকিস্তানের ডন নিউজের প্রতিবেদনে বলা হয়, বেসরকারিভাবে পাওয়া খবর অনুযায়ী ১১৪টি আসনে এগিয়ে রয়েছে পিটিআই। নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (এন) এগিয়ে রয়েছে ৬৪টি আসনে।
এর আগে দ্য নিউজ ইন্টারন্যাশনাল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিষদের (এনএ) ১৪৩, ১৪৯, ১৫২, ১৫৪, ১৫৬, ১৫৭, ১৫৮, ৬, ৮, ৯, ১১, ১২, ১৪, ১৬, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩২, ৩৫, ৪১, ৪৩, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৬৩, ৬৬, ৭০-সহ ৯৭টি আসনে এগিয়ে রয়েছে পিটিআই।
ডনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (এন) এগিয়ে রয়েছে ৬৪ আসনে। আর বিলওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এগিয়ে আছে ৩৯টি আসনে। এখন পর্যন্ত মোট প্রাপ্ত ভোটের ৩৪ শতাংশ গণনা শেষ হয়েছে।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ২৩টি এগিয়ে রয়েছেন। মুত্তাহিদা মজলিশ আমল (এমএমএ) এগিয়ে রয়েছে ৯টি আসনে এবং গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (জিডিএ) এগিয়ে আছে ৭টি আসনে।
পাকিস্তানের জাতীয় পরিষদের মোট ৩৪২ আসনের মধ্যে ২৭২ আসনে সরাসরি নির্বাচন হয়। বাকি ৭০টি আসন নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। কোনো দলকে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২৭২ আসনের মধ্যে ১৩৭ আসনে জিততে হবে। গতকাল বুধবার জাতীয় পরিষদের সঙ্গে দেশটির চারটি প্রাদেশিক পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয়ে বিরতিহীনভাবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।