ইমরানের নেতৃত্বে আজাদি মার্চ, অবরুদ্ধ কাদরি
পাকিস্তানে সরকারের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন ‘আজাদি মার্চ’ করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রাজধানী ইসলামাবাদ অভিমুখী এই মার্চে ইমরান নিজেই নেতৃত্ব দেন। আধ্যাত্মিক নেতা তাহির উল-কাদরির সমর্থকদেরও মার্চ করার কথা থাকলেও তাঁকে অবরুদ্ধ করে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর এএফপি ও ডনের।
গত বছরের মে মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে আজাদি মার্চ করেন ইমরান।
ইমরানের নেতৃত্বে তাঁর কর্মী-সমর্থকেরা গতকাল লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখী মার্চ শুরু করেন। একে ঘিরে সহিংসতার আশঙ্কা করা হলেও গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ইসলামাবাদের নিরাপত্তা জোরদার করা হয়। রাজধানীতে ঢোকার প্রায় সব পথ কাঁটাতার ও জাহাজের কনটেইনার ফেলে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় মুঠোফোন নেটওয়ার্কও।
কাদরির দল পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) মুখপাত্র কাজী ফয়েজ-উল-ইসলাম গতকাল বলেন, সরকার একই কর্মসূচিকে ঘিরে দুই ধরনের নীতি নিয়েছে।