ইমরানের 'অযোগ্যতার' মামলার শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের বিরুদ্ধে দায়ের ‘অযোগ্যতার’ মামলার শুনানি শুরু করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি মিয়া সাকিব নাসিরের নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চে গতকাল সোমবার এই শুনানি শুরু হয়।

সর্বোচ্চ আদালতের এই বেঞ্চে আরও দুই সদস্য হলেন বিচারপতি ফয়সাল আরব ও বিচারপতি উমর আতা বান্দিয়াল। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা হানিফ আব্বাসি গত বছরের শেষ দিকে ইমরান খান ও তাঁর দলের আরেক নেতা জাহাঙ্গীর তারিনের বিরুদ্ধে মামলাটি করেন। তিনি অভিযোগ করেন, পিটিআই একটি ‘বিদেশি অর্থায়নে পরিচালিত দল’ এবং অভিযুক্ত ব্যক্তিরা ‘আয়কর অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আইনের’ লঙ্ঘন করেছেন।

তবে পিটিআইয়ের কৌঁসুলি আনোয়ার মনসুরের দাবি, ওই আইনে এমন কোনো বিধান নেই যার আওতায় আর্থিক বিবরণী পেশ করার এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের মাধ্যমে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) নিরীক্ষণ করার পর কোনো দলের তহবিলের ব্যাপারে ইসিপি তদন্ত করতে পারে।

গতকাল এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় পিটিআইয়ের আইনজীবী নাঈম বুখারি যুক্তরাজ্যের লন্ডন ও পাকিস্তানের ইসলামাবাদে ইমরান খানের সম্পদের তথ্য উপস্থাপন করেন।