এক ভুয়া খবরের জেরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ইসরায়েলে তাঁর দেশ পারমাণবিক হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। ওই খবরে বলা হয়েছিল, সিরিয়া ইস্যুতে ইসলামাবাদের ভূমিকা নিয়ে পাকিস্তানের ওপর ইসরায়েল প্রতিশোধমূলক হামলা চালাতে পারে।
ভুয়া খবর যে গুরুতর সমস্যা তৈরি করতে পারে, পাকিস্তানি মন্ত্রীর এ প্রতিক্রিয়া সে বিষয়কেই তুলে ধরল। নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, ভুয়া খবরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে ওই হুমকি দিতে প্ররোচিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল পাকিস্তানকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে—প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এ ভুয়া খবর দৃশ্যত বিশ্বাস করে টুইটারে এক পোস্টে ইসরায়েলের তীব্র সমালোচনা করে বিবৃতি দিয়েছেন।
টুইটারে আসিফ বলেন, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। ইসরায়েল ভুলে গেছে, পাকিস্তানও পরমাণু অস্ত্রের অধিকারী দেশ।
নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ভুয়া খবরটি প্রকাশিত হয় এডব্লিউডিনিউজ ডটকম নামের সংবাদভিত্তিক একটি ওয়েবসাইটে।