ইসলামাবাদে ইমামবাড়ায় বোমা হামলা, নিহত ২
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি ইমামবাড়ায় (শিয়া সম্প্রদায়ের উপাসনালয়) আজ বুধবার আত্মঘাতী বোমা হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
ইসলামাবাদের নিউ শাকরিয়াল এলাকায় কাসর-এ-সকিনায় এ ঘটনা ঘটে। এএফপির খবরে এ কথা জানানো হয়।
পুলিশ জানায়, নিরাপত্তারক্ষীরা সন্দেহভাজন এক আত্মঘাতী বোমা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি তাঁর শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান। তবে নিরাপত্তারক্ষীদের গুলিতে আহত হওয়ার কারণে হামলাকারী তাঁর সঙ্গে থাকা বোমার পুরোপুরি বিস্ফোরণ ঘটাতে পারেননি।
একজন প্রত্যক্ষদর্শী জিও নিউজকে জানান, হামলাকারী ওই ব্যক্তি বোমাসহ ইমামবাড়ার মধ্যে ঢোকার চেষ্টা করেন। তবে তিনি ব্যর্থ হন।
এ ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে পিআইএমএস হাসপাতালের একজন মুখপাত্র জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পথে তাঁদের মৃত্যু হয়। তিনি আরও জানান, আহত লোকজনের বেশ কয়েকজনকে পিআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে রাওয়ালপিন্ডিতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে বোমা বিস্ফোরণের পর পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা ওই ইমামবাড়া ঘিরে রেখেছেন।