ইসলামাবাদে সংঘর্ষ অব্যাহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ রোববার সকালে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, সকালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে।
গতকাল শনিবার রাতে ইসলামাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর মধ্যরাতে তা ছড়িয়ে পড়ে পুরো ইসলামাবাদ এবং লাহোর ও করাচি শহরে।
সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০০ জন। আহত ব্যক্তিদের মধ্যে নারী বিক্ষোভকারী ও পুলিশের সদস্যও রয়েছে।
সংঘর্ষে হতাহতের ঘটনায় আজ সারা দেশে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে পিটিআই ও এমকিউএম।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে ১৫ দিন ধরে আন্দোলন করছে ইমরান খানের দল পিটিআই ও ধর্মীয় নেতা তাহির-উল-কাদরির দল পিএটি। দুই সপ্তাহ ধরে তারা অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামাবাদের সুরক্ষিত রেড জোনে। এরই মধ্যে সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা চলছিল।
গতকাল রাত সাড়ে নয়টার দিকে রেড জোন থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে কর্মী-সমর্থকদের নির্দেশ দেন ইমরান ও কাদরি। পুলিশ প্রথমে বাধা না দিলেও একপর্যায়ে গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষ বেধে যায়। ইট-পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। এর মধ্যেই এগোতে থাকেন পিটিআই ও পিএটির কর্মী-সমর্থকেরা।
রাত দুইটার দিকে বিক্ষোভকারীরা পার্লামেন্ট কমপ্লেক্সের মধ্যে ঢুকে পড়ে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে পৌঁছে যায়। তখন প্রধানমন্ত্রীর বাসভবনের মধ্য থেকে বিক্ষোভকারীদের উদ্দেশে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।
প্রধানমন্ত্রীর পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।