পাকিস্তানে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও আধ্যাত্মিক নেতা তাহির-উল কাদরির পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা-কর্মী ও সমর্থকেরা গতকাল মঙ্গলবার রাতে ইসলামাবাদের সর্বোচ্চ সুরক্ষিত এলাকায় (রেড জোন) ঢুকে পড়েছেন। সেখানে মোতায়েন সেনারা আগে থেকে সতর্ক থাকলেও তাঁদের বাধা দেননি। ফলে এ সময় তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। খবর বিবিসি ও ডনের।
পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান মধ্যরাতে বলেন, ‘পদত্যাগের জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বুধবার (আজ) সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হলো। ওই সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে আমরা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ব।’
গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে পিটিআই ও পিএটির মিছিল শুরুর কথা ছিল। তবে আরও দেরিতে রাত ১০টার দিকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সারিবদ্ধভাবে রেড জোনের দিকে অগ্রসর হন এবং সফলভাবে ঢুকে পড়েন। তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। পিএটির নেতা কাদরিকে গাড়িতে করে মিছিলে অংশ নিতে দেখা যায়। তবে সেখানে মোতায়েন সেনা ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দেননি।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ ও নতুন করে নির্বাচনের দাবিতে চলা পিটিআই ও পিএটির আন্দোলন গতকাল পঞ্চম দিনে পড়ে। এর আগের দিন ওই দুই দলের পক্ষ থেকে রেড জোন অভিমুখে মিছিলের ঘোষণা দেওয়ার পর তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতির বিবেচনায় ইসলামাবাদে সেনাদের ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় রাখা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বৈঠক করেন সেনাবাহিনীর প্রধানের সঙ্গে।
রেড জোন এলাকায় সরকারের প্রায় সব গুরুত্বপূর্ণ ভবন ও বিদেশি দূতাবাস রয়েছে। সরকার জানিয়েছিল, বিক্ষোভকারীদের রেড জোনে ঢুকতে দেওয়া হবে না।
রাত সাড়ে ১১টার দিকে রেলমন্ত্রী সাদ রফিক এক টুইটার বার্তায় বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো শক্তি প্রয়োগ করছে না। কেননা, পিটিআই ও পিএটি তাদের মিছিলের সামনে রেখেছে নারী ও শিশুদের|