ইয়েমেন সংঘাতের বিষয়ে নিরপেক্ষ ভূমিকা নেবে পাকিস্তান। দেশটির পার্লামেন্ট কয়েক দিন আলোচনার পর গতকাল শুক্রবার এ নিয়ে খসড়া প্রস্তাব গ্রহণ করেছে। তবে পাকিস্তানের পার্লামেন্ট ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের প্রতি সমর্থনও জানিয়েছে। খবর এএফপির।
সৌদি আরবের নেতৃত্বে আরব জোট বাহিনী ইয়েমেনের ক্ষমতা দখলকারী শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। সেই বাহিনীতে সেনা ও অস্ত্র-সরঞ্জাম দিয়ে সহযোগিতা করতে সুন্নিপ্রধান সৌদি আরব আরেক সুন্নিপ্রধান রাষ্ট্র পাকিস্তানকে অনুরোধ জানিয়েছিল। এ নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে জোর আলোচনা চলে পাঁচ দিন ধরে। তবে পার্লামেন্ট সদস্যরা সামরিক সহযোগিতার আহ্বানে সাড়া দেননি।
পার্লামেন্টে গৃহীত প্রস্তাবে ‘ইয়েমেনের পরিস্থিতিতে উদ্বেগ’ প্রকাশ করে সে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানানো হয়। পাকিস্তান সামরিক বাহিনী আগেই বলেছে, তারা সরকারের সিদ্ধান্ত মেনে নেবে।
পার্লামেন্ট অবশ্য সৌদি আরবের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে। গৃহীত প্রস্তাবে বলা হয়, ‘সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা নষ্টের কোনো ঘটনা ঘটলে বা পবিত্র হারাম শরিফের প্রতি হুমকি সৃষ্টি হলে পাকিস্তান সৌদি আরবের পাশে দাঁড়াবে।’
ইরান ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন অভিযানে যোগ না দিতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছিল। ইয়েমেনের হুতিদের শিয়াপ্রধান ইরান সহায়তা দিচ্ছে বলে মনে করা হয়।