এক সপ্তাহে পাকিস্তানে সংক্রমণের হার দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

পাকিস্তানে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। দেশটিতে করোনা সংক্রমণের হার দ্বিগুণ হয়েছে এক সপ্তাহের ব্যবধানে। এ ছাড়া গত ১৬ অক্টোবরের পর সংক্রমণের রেকর্ড হয়েছে গতকাল বুধবার।

পাকিস্তানের পত্রিকা ডনের খবরে বলা হয়েছে, দেশটির পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ফয়সাল সুলতান বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা চাপের মুখে পড়তে পারে। যেকোনো পরিস্থিতিতে যাতে অক্সিজেনের সংকট দেখা না দেয়, এ জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে প্রদেশগুলোকে।

পাকিস্তানে করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ বাড়ায় এ নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী আসাদ ওমর। জনসাধারণকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। এ জন্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনেছেন তিনি। মন্ত্রী বলেন, অমিক্রনের আশঙ্কাজনক প্রভাব কমাতে জনগণের উচিত টিকা নেওয়া।

পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশনস সেন্টারের (এনসিওসি) দেওয়া তথ্য অনুসারে, গতকাল ৮৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের দেওয়া তথ্য অনুসারে, এর আগে গত বছরের ১৬ অক্টোবর আক্রান্ত হয়েছিলেন ৮৯৩ জন এবং ১৭ অক্টোবর আক্রান্ত হয়েছিলেন ৭২০ জন।

দেশটির সংক্রমণের হার নিয়ে ডনের সঙ্গে কথা বলেছেন ফয়সাল সুলতান। তিনি বলেন, এক সপ্তাহ আগে পাকিস্তানে করোনা সংক্রমণ ছিল ১ শতাংশের নিচে। কিন্তু কয়েক দিনের ব্যবধানে এ সংক্রমণের হার দ্বিগুণ হলো।

ফয়সাল সুলতান এ–ও বলেছেন, ‘করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে আমরা আগামী সপ্তাহে একটা ভালো অবস্থানে থাকব। কারণ, এক সপ্তাহের মতো সময় লাগে উপসর্গ প্রকাশ পেতে। কিন্তু এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, করোনা সংক্রমণ বাড়তে পারে।’ তাঁর মতে, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে পারে। এ কারণে যথাযথ ব্যবস্থা নিতে প্রদেশগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।