একটি আসনে অনিয়ম পেল তদন্ত কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনে একটি আসনে নানা অনিয়ম খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেই গত আগস্ট মাসে ‘আজাদি মার্চ’ শুরু করেছিলেন রাজনীতিক ও সাবেক ক্রিকেটার ইমরান খান। খবর ডনের।

তদন্ত কমিশন বলছে, পাকিস্তানের জাতীয় পরিষদের ১২৫ নম্বর আসনে ওই অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। আসনটিতে জিতেছিলেন ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) খাজা সা’দ রফিক। দ্বিতীয় স্থান পান ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও আইনজীবী হামিদ খান। পরে তিনি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালে আবেদন করেন। ওই আবেদনে ভোটের সরঞ্জাম-ভর্তি বস্তাগুলোসহ অন্যান্য নথিপত্র যাচাই করে দেখার অনুরোধ করা হয়। লাহোরের ট্রাইব্যুনালে আবেদনের শুনানি শুরু হলেও হামিদ খান ট্রাইব্যুনালের সভাপতির ওপর অনাস্থা প্রকাশ করলে তা ফয়সালাবাদে স্থানান্তর করা হয়। ফয়সালাবাদ ট্রাইব্যুনালের গঠিত তদন্ত কমিশন গত ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘ভোটের সরঞ্জাম-ভর্তি প্রতিটি বস্তা পরীক্ষা-নিরীক্ষা করে এবং ওই আসনে নির্বাচন-সংক্রান্ত সব খুঁটিনাটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, সেখানে ব্যাপক অব্যবস্থাপনা ছিল। আর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা একেবারে আনাড়িভাবে ভোট গ্রহণের প্রক্রিয়া চালিয়েছেন। কেন করেছেন, তা তাঁরাই ভালো জানেন।’ এতে আরও বলা হয়েছে, ‘ওই আসনে মোট ২৬৫টি ভোটকেন্দ্র ছিল। প্রতিটি কেন্দ্রের জন্য একটি করে ভোটের সরঞ্জাম-ভর্তি বস্তা বরাদ্দ ছিল। কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তারা জমা দিয়েছেন ১৫৩টি। তার মধ্যে বেশ কয়েকটি ছিল প্রাদেশিক পরিষদের আসনের। পরে আরও ১৭৯টি বস্তা কমিশনে জমা দেওয়া হয়। ওই বস্তাগুলো ময়লা-আবর্জনায় ভর্তি ছিল এবং কোনো রেকর্ড সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। বেশির ভাগ বস্তায় এমনকি ভোটার তালিকাও পাওয়া যায়নি।’