পদত্যাগের বড় সিদ্ধান্ত নিল ইমরানের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদ বাদে সব প্রাদেশিক পরিষদ এবং জাতীয় আইনসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ সোমবার পিটিআইয়ের নেতা শাহ মাহমুদ কোরেশী এ ঘোষণা দেন।

কোরেশী বলেন, আগামীকাল মঙ্গলবার সংশ্লিষ্ট আইনসভার স্পিকারদের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হবে।

পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারে কোরেশী সাংবাদিকদের বলেন, ২০১৩ সালের সাধারণ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে তাঁদের চলমান আন্দোলনের স্বার্থে এর বিকল্প কিছু ছিল না। তিনি বলেন, খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করা নিয়ে এখনো আলোচনা চলছে। তিনি বলেন, ‘সরকার ও পিটিআইয়ের অবস্থানের ফারাক রাত-দিন। নওয়াজ শরিফ গত পার্লামেন্ট নির্বাচনকে পাকিস্তানের ইতিহাসের স্বচ্ছতম নির্বাচন দাবি করেছেন। আমরা বলি এটি ছিল নিকৃষ্টতম। তিনি (নওয়াজ) বলেছেন, “নির্বাচন কমিশন স্বাধীন।” আমরা বলি এটি ছিল পক্ষপাতদুষ্ট।’