একা একা মধুচন্দ্রিমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিসা জটিলতায় মধুচন্দ্রিমায় সঙ্গী হতে পারেননি স্বামী। তাই স্ত্রীর এমন মন খারাপ করা ছবি। ছবিটি হুমা মবিনের সৌজন্যে প্রকাশ করেছে বিবিসি।
ভিসা জটিলতায় মধুচন্দ্রিমায় সঙ্গী হতে পারেননি স্বামী। তাই স্ত্রীর এমন মন খারাপ করা ছবি। ছবিটি হুমা মবিনের সৌজন্যে প্রকাশ করেছে বিবিসি।

মধুচন্দ্রিমা মানেই তো স্বামী-স্ত্রী মিলে একান্তে কোথাও একটু সময় কাটিয়ে আসা। কিন্তু তার বদলে যদি একা মধুচন্দ্রিমায় যেতে হয়! সেটা তো আর মধুর থাকে না। তবে কীভাবে এমন পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল, সে অভিজ্ঞতার কথা বলেছেন পাকিস্তানের হুমা মবিন নামের এক নারী।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, হুমা মবিন ও আর্সালান সেভার পাকিস্তানি দম্পতি। এ বছরের শুরুর দিকে তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের পর তাঁরা গ্রিসে মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেন। সে অনুযায়ী সব ঠিকঠাক করা হয়। আর্থিক লেনদেনও মিটিয়ে দেওয়া হয়। কিন্তু বাদ সাধে গ্রিসের সীমান্ত সংস্থা। তারা হুমাকে ভিসা দিলেও আর্সালানকে ভিসা দেয়নি।

হুমা জানালেন, আর্সালান ভিসা না পাওয়ায় তিনি মধুচন্দ্রিমায় যেতে চাননি। তবে আর্সালান তাঁকে বুঝিয়ে-শুনিয়ে যেতে রাজি করেন। বলেন, সঙ্গে তাঁর (আর্সালানের) মা-বাবা যাবেন।

অবশেষে মধুচন্দ্রিমায় যাওয়ার দিন এল। হুমা তাঁর শ্বশুর-শাশুড়িকে নিয়ে বিমানে চড়লেন। তিনি বলছিলেন, শাশুড়ির সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো। তাঁরা একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছিলেন। তবে তিনি ভীষণভাবে তাঁর স্বামীকে মিস করছিলেন।

হুমা বলছিলেন, ‘প্রথম দিন আমি শাশুড়ির কাঁধে মাথা রেখে খুব কেঁদেছিলাম। তখন শাশুড়ি আমাকে বোঝালেন, “মন খারাপ না করে যতটুকু সম্ভব আনন্দ করতে।” এরপর আমরা যত জায়গায় গেলাম, স্বামীকে পাশে রেখে যেভাবে ছবি তুলতাম, সেভাবে আমি ছবি তুললাম। আমি আছি, সে নেই—এমনভাবে। সে আমার পাশে আছে, এমনভাবে আমি তাঁকে ধরে আছি কল্পনার চোখে।’

হুমা যখন এভাবে ছবি তুলছিলেন, তখন আশপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল? জানতে চাইলে তিনি বলেন, লোকজন সেলফি তোলা নিয়ে এত ব্যস্ত ছিল যে এদিকে তাকানোর বা ভাবার সুযোগ পায়নি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হুমার এই ছবিগুলো বেশ আলোচিত হয়। স্বামীকে ছাড়া মধুচন্দ্রিমার খবর ছড়িয়ে পড়ে। বর্তমানে হুমা মবিন ও আর্সালান সেভার দম্পতি পাকিস্তানের লাহোরে আছেন। একসঙ্গে প্রথম বিবাহবার্ষিকীটি পালন করতে পারবেন, এই আশা তাঁদের।